দুই বছর পর গৃহবধূ জানলেন একটি কিডনি কেটে ফেলা হয়েছে
প্রায় দুই বছর পর গৃহবধূ শাহনাজ বেগম জানতে পারলেন, তাঁর একটি কিডনি নেই। দুই বছর আগে অস্ত্রোপচারের মাধ্যমে কিডনি থেকে পাথর অপসারণের সময় তাঁর অনুমতি ছাড়াই তা কেটে ফেলা হয়। অস্ত্রোপচারটি হয়েছিল যশোরের চৌগাছা উপজেলা শহরের একটি বেসরকারি ক্লিনিকে। এর তত্ত্বাবধানে ছিলেন চিকিৎসক মো. ফজলে আকবার। তিনি বর্তমানে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা।ফজলে আকবারের দাবি, পাথর অপসারণের সময় কিডনিটির অবস্থা খারাপ থাকায় তিনি তা কেটে বাদ দেন। আর শাহনাজ বেগমের দাবি, অনুমতি ছাড়াই কিডনি কেটে ক্লিনিক মালিক আর চিকিৎসক তা অন্য কোথাও বিক্রি করেছেন। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।গৃহবধূ শাহনাজ (৩৭) বেগম এখনো অসুস্থ। তাঁর বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার পাইকপাড়া গ্রামে। বিয়ে হয়েছে চৌগাছার মাঠচাকলা গ্রামে। স্বামী আবুল কাশেম একজন কৃষক। গত ১৪ এপ্রিল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় চিত্রা আলট্রাসনোগ্রাফি নামের এক রোগ-নির্ণয় কেন্দ্রে তাঁর আলট্রাসনোগ্রাম করানো হয়। চিত্রা আলট্রাসনোগ্রাফির সনোলজিস্ট সাইফুল ইসলাম বলেন, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানা গেছে শাহনাজ বেগমের একটি কিডনি অপসারণ করা হয়েছে। গতকাল সোমবার ঝিনাইদহের সিভিল সার্জন শেখ কেরামত আলী শাহনাজ বেগমের রোগ-নির্ণয়ের কাগজপত্র দেখে প্রথম আলোকে বলেন, অস্ত্রোপচারের আগে করা আলট্রাসনোগ্রাফিতে কিডনি স্বাভাবিক ছিল বলে উল্লেখ রয়েছে। তবে সেখানে পাথরের অস্তিত্ব ছিল। তারপরও অস্ত্রোপচারের সময় কোনো সমস্যা দেখা দিলে কিডনি কাটার প্রয়োজন হতে পারে। এ জন্য অবশ্যই রোগীর লোকজনের অনুমতি নিতে হবে। তিনি বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। কোনো অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’শাহনাজ বেগম বলেন, ‘২০০৮ সালের আগস্টের প্রথম দিকে পেট ও পিঠের মাঝে যন্ত্রণা অনুভব করি। যশোর সদর হাসপাতালের চিকিৎসক এ আর এম মোস্তায়েন বিল্লাহের শরণাপন্ন হলে তিনি আলট্রাসোনোগ্রামসহ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেন। এতে কিডনির ভেতর একটি ছোট্ট পাথর রয়েছে বলে ধরা পড়ে। পাথরটি অপসারণ করলে সুস্থ হওয়া যাবে বলেও চিকিৎসক জানান।’শাহনাজ বেগম জানান, ২০০৮ সালের ৩০ আগস্ট চৌগাছা শহরে কপোতাক্ষী প্রাইভেট ক্লিনিকে ১৪ হাজার টাকার বিনিময়ে অস্ত্রোপচার করানো হয়। ১০ দিন ক্লিনিকে চিকিৎসার পর তিনি পুরোপুরি সুস্থ না হলেও বাড়ি ফেরেন। ওষুধ খেলে পুরোপুরি সুস্থ হওয়া যাবে বলে ক্লিনিক কর্তৃপক্ষ জানায়। কিন্তু চার মাস পর তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। কপোতাক্ষী প্রাইভেট ক্লিনিকে গেলে ফজলে আকবার বলেন, জরায়ুর নাড়িতে টিউমার হয়েছে। অস্ত্রোপচারের জন্য পাঁচ হাজার টাকা লাগবে। কিন্তু চিকিৎসকের এই কথায় সন্দেহ হলে তিনি অস্ত্রোপচার করাননি। ওষুধ খাওয়ার পর তিনি কিছু দিন সুস্থ ছিলেন। এরপর আবারও অসুস্থ হয়ে পড়েন। পরে ১৪ এপ্রিল তিনি আলট্রাসনোগ্রাম করান। এ ব্যাপারে কপোতাক্ষী প্রাইভেট ক্লিনিকের মালিক নজরুল ইসলাম জানান, অস্ত্রোপচারের দিন চিকিৎসক তাঁকে বলেছিলেন কিডনিটি কেটে বাদ দিতে হবে। কিন্তু সে সময় পরিবারের কাউকে না পাওয়ায় অনুমতি নেওয়া সম্ভব হয়নি। পরে কেন বলা হলো না প্রশ্নের জবাবে তিনি বলেন, বললে তাঁরা কষ্ট পাবে, তাই বলা হয়নি। তবে একটি কিডনি ফেলে দিলেও রোগী ভালো আছে। ফজলে আকবার জানান, পাথর অপসারণের জন্য অস্ত্রোপচারের সময় দেখা যায় কিডনিতে পচন ধরেছে। তাই তা কেটে বাদ দেওয়া হয়েছে।