দুই বছর পর তুরস্কে ইউটিউবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ দুই বছর ধরে ইউটিউবের ওপর বহাল থাকা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তুর্কি সরকার। তুরস্কের ইন্টারনেট-সংক্রান্ত বিষয়ে দায়িত্বে থাকা দেশটির পরিবহনমন্ত্রী বিনালি এলদিরিম গতকাল শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে ইউটিউবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন। তুরস্কের জাতির জনক মোস্তফা কামাল আতাতুর্ককে অবমাননা করে ইউটিউবে ভিডিও আপলোড করার অভিযোগে প্রায় দুই বছর আগে দেশটিতে ইউটিউব বন্ধ করে দেওয়া হয়। ইউটিউবের ওপর সরকারে জারি করা এ নিষেধাজ্ঞার ফলে দেশটির নাগরিকেরা এত দিন ইন্টারনেটভিত্তিক জনপ্রিয় এই ভিডিও ওয়েবসাইটে প্রবেশ করতে পারেনি। দেশটির পরিবহনমন্ত্রী বলেন, সরকার ইউটিউবের স্বত্বাধিকারী গুগলের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেছে। এরপর গুগোল কর্তৃপক্ষ ইউটিউব থেকে আপত্তিকর ওই ভিডিওগুলো সরিয়ে ফেলেছে। তাই ইউটিউব বন্ধ করে রাখার আর কোনো কারণ নেই। তুরস্কের জাতির জনক মোস্তফা কামাল আতাতুর্ককে অবমাননা করা দেশটিতে বেআইনি।তুরস্কের পক্ষ থেকে বলা হচ্ছে, গ্রিক ব্যবহারকারীরা ইউটিউবে ওই ভিডিও আপলোড করেছিল। তারা ওই ভিডিওতে কামাল আতাতুর্ক ও তুর্কিদের সমকামী বলে অভিহিত করে। এ ঘটনার পরই তুর্কি সরকার সে দেশে ইউটিউব নিষিদ্ধ করে।তবে ইউটিউবের ওপর তুর্কি সরকারের জারি করা এ নিষেধাজ্ঞা দেশটির নাগরিকের দ্বারা ব্যাপকভাবে সমালোচিত হয়। এমনকি তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলও সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতা করেন। তিনি দেশটির কর্মকর্তাদের এ ব্যাপারে একটি সমাধান বের করার নির্দেশ দেন।ইউটিউবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা দিয়ে তুরস্কের পরিবহনমন্ত্রী বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলেই তিনি আশা করেন।—বিবিসি