‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প
দুই বছর পর বাড়ানো হচ্ছে পরিধি, সুবিধা পাবে ৫১ লাখ পরিবার
দুই বছর পর এসে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নয় হাজার ৬৪০টি গ্রামের বদলে পরিধি বাড়িয়ে ৮৫ হাজার গ্রামকে এই কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে প্রকল্প ব্যয় এক হাজার ১৯৭ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়াবে ৫৯২৫ দশমিক ৬৯ কোটি টাকা।সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বাস্তবায়নাধীন এই পাইলট প্রকল্পের শুরুতে উপকারভোগীর সংখ্যা ছিল পাঁচ লাখ ৭৮ হাজার ৪০০। পরিধি বাড়িয়ে সুবিধাভোগী করা হচ্ছে সারা দেশে ৫১ লাখ পরিবারকে। এ ছাড়া প্রকল্পের আওতায় প্রতি গ্রাম থেকে পাঁচজন করে মোট চার লাখ ২৫ হাজার সদস্যকে জীবনভিত্তিক প্রশিক্ষণ দিয়ে খামার স্বেচ্ছাসেবী গঠন করা হবে।সূত্র জানায়, সরকারের অর্থায়নে এই প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ইতিমধ্যে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রস্তাবটি শিগগির জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উত্থাপন করা হবে।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এ প্রসঙ্গে বলেন, যেখানে সরকার পাইলট প্রকল্পে গত দুই বছরে কিছু করতে পারেনি, সেখানে প্রকল্প সম্প্রসারণ করে কিছু হবে না।জানতে চাইলে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদার প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই প্রকল্পের আকার বাড়ানো হচ্ছে। তিনি বলেন, ‘আমরা কয়েকটি গ্রামে নয়, পুরো দেশে এই প্রকল্প ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছি। ফলে দেশের সব জেলা, উপজেলা ও গ্রামের মানুষ এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবে।’জানা গেছে, সম্প্রতি ‘একটি বাড়ি একটি খামার’বিষয়ক পরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। এ সময় তিনি এই প্রকল্পের পরিধি সারা দেশে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। বিগত আওয়ামী লীগ সরকার এই প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করেছিল। পরে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার এই প্রকল্প বাদ দিয়ে ‘পল্লী প্রগতি’ প্রকল্প চালু করে। ‘পল্লী প্রগতি’ প্রকল্পে তালিকা তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে।সংশোধিত প্রকল্প: সূত্র জানায়, দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প দেশের ৪৮২ উপজেলার সব গ্রামে সম্প্রসারিত আকারে বাস্তবায়নের লক্ষ্যে সংশোধনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রস্তাবিত সংশোধিত এই প্রকল্পের মেয়াদকাল ধরা হয়েছে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত। নানা পর্যায়ে সাতটি কমিটি প্রকল্প বাস্তবায়ন করছে, এগুলোর মূল কমিটির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী।সংশোধিত প্রকল্পের লক্ষ্য হচ্ছে, ২০১২ সালের জুনের মধ্যে ঋণ-সহায়তার মাধ্যমে প্রতি গ্রামে পাঁচটি করে মোট চার লাখ ২৫ হাজার প্রদর্শনী খামার গড়ে তোলা। ২০১৩ সালের মধ্যে প্রতিটি পরিবারকে কৃষি, মৎস্য চাষ, পশুপালন ইত্যাদি কাজের মাধ্যমে একটি কার্যকর ‘খামারবাড়ি’ হিসেবে গড়ে তোলা এবং প্রতি গ্রাম থেকে পাঁচজন করে মোট চার লাখ ২৫ হাজার সদস্যকে জীবনভিত্তিক প্রশিক্ষণ দিয়ে খামার স্বেচ্ছাসেবী গঠন করা। বর্ণিত খামার স্বেচ্ছাসেবকদের সহায়তায় ২০১৩ সালের মধ্যে অবশিষ্ট ৪৬ লাখ ৬৭ হাজার পরিবারে অনুরূপ খামার বা জীবনভিত্তিক কার্যক্রম নিশ্চিত করা। ২০১৫ সালের মধ্যে অনিবাসী ভূমি মালিকদের ভূমিসহ গ্রামীণ সব সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা, সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি সম্পদহীনকে সম্পদ প্রদান কার্যক্রমের আওতায় ৫১ লাখ পরিরারকে তাদের প্রয়োজনভিত্তিক গরু, হাঁস, মুরগি, ঘরের টিন, গাছের চারা ও সবজিবীজের মতো সম্পদ-সহায়তা দেওয়া। ৮৫ হাজার গ্রামের ৫১ লাখ পরিবারকে গ্রাম সংগঠনের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলা।প্রকল্পের উদ্দেশ্য: প্রকল্পের সুফলভোগীদের আর্থসামাজিক ও জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে প্রতি গ্রামে নির্বাচিত সুফলভোগীদের দক্ষতা, প্রশিক্ষণ ও প্রশিক্ষণোত্তর আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই প্রকল্প নেওয়া হয়। এই প্রকল্পের সুবিধাভোগীদের পরিবারগুলোর প্রধান উপার্জনকারীকে হতে হবে নারী এবং ভিটেবাড়িসহ জমি থাকতে হবে দশমিক পাঁচ একর থেকে আড়াই একর। প্রকল্পের আওতায় গবাদিপশু পালন, মাছ ও সবজি চাষের প্রশিক্ষণ দেওয়ার কথা। পাশাপাশি উপকারভোগীদের বাড়িতে গভীর নলকূপ, বায়োগ্যাস প্লান্ট, দুগ্ধখামার, সৌরবিদ্যুৎ প্যানেল ও স্যানিটারি ল্যাট্রিন স্থাপন করা হবে।প্রকল্পের অবস্থা: পাইলট প্রকল্প হিসেবে ২০০৯ সালে এই প্রকল্প নেওয়া হয়। ৪৮২ উপজেলার এক হাজার ৯২৮টি ইউনিয়নের নয় হাজার ৬৪০টি গ্রামে এই প্রকল্পের বাস্তবায়ন চলছে। প্রকল্প অনুযায়ী নির্বাচিত প্রতি গ্রামে ৬০ জন করে মোট পাঁচ লাখ ৭৮ হাজার ৪০০ জনের এই সুবিধা পাওয়ার কথা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত দুই বছরে কিছু লোককে কেবল প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।বিআরডিবির সূত্র জানায়, উপকারভোগীর তালিকা চূড়ান্ত করা নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। এ ছাড়া রাজনৈতিক বিবেচনায় উপকারভোগী বাছাই করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এমন নানা কারণে দুই বছরে প্রকল্পটি তেমন এগোয়নি।এ প্রসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্প হচ্ছে পল্লী উন্নয়ন প্রকল্প। কিন্তু এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে দারিদ্র্য বিমোচন কর্মসূচির মতো। যেখানে সরকার পাইলট প্রকল্পে গত দুই বছরে কিছু করতে পারেনি, সেখানে প্রকল্প সম্প্রসারণ করে কিছু হবে না। আর প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা থাকলে তা সুফল আনে না।হোসেন জিল্লুর রহমান বলেন, গ্রামের মানুষকে হাঁস-মুরগি পালন শেখানোর জন্য প্রশিক্ষণের দরকার নেই। জমির পরিমাণের যে শর্ত দেওয়া হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে, এই প্রকল্পের উপকারভোগী হবে আসলে গ্রামের মধ্যবিত্তরা। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে, এই প্রকল্পের বাস্তবায়ন কাগজে-কলমে বন্দী থাকবে।