দুই বছরে ১৫২ জন শিক্ষক চাকরিচ্যুত
ছুটি নিয়ে বিদেশ গিয়ে না ফেরা, কর্মস্থলে অনুপস্থিতিসহ বিভিন্ন কারণে ১৫২ জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। গত দুই বছরে এসব শিক্ষককে চাকরিচ্যুত করা হয়।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মমতাজ বেগম বলেন, সংসদীয় কমিটির কাছে দীর্ঘদিন ধরেই অনেক শিক্ষকের বিদ্যালয়ে উপস্থিত না থাকার অভিযোগ আসে। কমিটি বিষয়গুলো খতিয়ে দেখে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছিল। সে সুপারিশের পরিপ্রেক্ষিতে বিষয়গুলো তদন্ত করে ১৫২ জন শিক্ষককে চাকুরিচ্যুত করা হয়েছে বলে কমিটিকে জানানো হয়েছে। সভায় চাকুরিচ্যুত করার কারণে শূন্য হওয়া পদগুলো দ্রুত পূরণের সুপারিশ করা হয়, যাতে করে প্রাথমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়।জানা গেছে, গত ৪ মে সংসদীয় কমিটির ১৫তম সভায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছুটি নিয়ে বিদেশ যাওয়া ও স্বাস্থ্য ছুটি নিয়ে দীর্ঘদিন কর্মস্থলে না আসার সমালোচনা করেছিল সংসদীয় কমিটি। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল।কমিটির সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন, প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, আতিউর রহমান আতিক, আফাজ উদ্দিন আহমেদ, খাদিজা খাতুন ও বেগম জোবেদা খাতুন অংশ নেন।