আসন্ন মাধ্যমিক ও সমমানের পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে দুই বছর আগে নবম শ্রেণীতে নিবন্ধন করেও অংশ নিচ্ছে না প্রায় সোয়া চার লাখ শিক্ষার্থী। কয়েক বছর ধরে সরকারি ও বেসরকারি পর্যায়ে ঝরে পড়ার এই উদ্বেগজনক হার নিয়ে হইচই হলেও কাজের কাজ খুব একটা হয়নি। শিক্ষা কর্তৃপক্ষ ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মূলত আর্থসামাজিক কারণেই তারা ঝরে পড়ার তালিকায় নাম লিখিয়েছে। এ বিষয়ে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, মেয়েরাই বেশি ঝরে পড়ছে। নবম থেকে দশম শ্রেণীর মধ্যে অনেক মেয়ের বিয়ে হয়ে যায়। অনেক মা-বাবা মেয়েদের বিদ্যালয়ে দিতে নিরাপদ বোধ করেন না।’ মূলত আর্থসামাজিক কারণেই বেশি শিক্ষার্থী ঝরে পড়ে। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি সচেতনতাও জরুরি বলে তিনি মত প্রকাশ করেন। আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষা বোর্ডগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য থেকে জানা যায়, পরীক্ষায় অংশ নেওয়ার লক্ষ্যে ২০০৯-১০ শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে ১৪ লাখ ৫৬ হাজার বেশি নিয়মিত শিক্ষার্থী নিবন্ধন করেছিল। এদের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য ফরম পূরণ করেছে ১০ লাখ ৩১ হাজারের কিছু বেশি শিক্ষার্থী। বাকি চার লাখ ২৫ হাজারেরও বেশি শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে না। তবে নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন মিলিয়ে এ বছর ১০টি বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৩ লাখ ১৫ হাজার।এ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক স্তর থেকে ঝরে পড়ার ধারাবাহিকতায় মাধ্যমিকেও বিপুলসংখ্যক শিক্ষার্থী ঝরে পড়ছে। অনেকে ঝরে যায়, কারণ পরীক্ষায় পাস করার একটা ভীতি থাকে, যা দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মধ্যে বেশি থাকে। আবার মেয়েদের বেলায় বিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি কাজ করে। তিনি আরও বলেন, ঝরে পড়ার আরেকটি কারণ হলো শ্রেণীকক্ষে ভালো পড়াশোনা না হওয়া।বোর্ডগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় অংশ নিচ্ছে না ২৯ শতাংশেরও বেশি শিক্ষার্থী। গতবারের চেয়ে এই হার কমেছে। গতবার ঝরে পড়ার হার ছিল প্রায় ৩৬ শতাংশ। সূত্রমতে, ভুয়া ছাত্রছাত্রী নিবন্ধন বন্ধ হওয়ায় ঝরে পড়ার হার তুলনামূলক কমেছে।জানা যায়, নিয়মিত শিক্ষার্থীর মধ্যে ঢাকা বোর্ডে ঝরে গেছে প্রায় এক লাখ ২১ হাজার শিক্ষার্থী। এই বোর্ডে নিয়মিত হিসেবে নিবন্ধিত তিন লাখ ৪৮ হাজার ৩৭৯ জন শিক্ষার্থীর মধ্যে ফরণ পূরণ করেছে দুই লাখ ২৭ হাজার ৫৩১ জন। বরিশাল বোর্ডে নিবন্ধিত ৬৫ হাজার ১১৬ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিচ্ছে ৪৫ হাজার ৯৪০ জন। ঝরে গেছে ১৯ হাজার ১৭৬ জন। যশোরে ঝরে গেছে ৫১ হাজার ৭৫১ জন। এই বোর্ডে নিবন্ধিত এক লাখ পঞ্চাশ হাজার ২৩৮ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিচ্ছে ৯৮ হাজার ৪৮৭ জন। এ ছাড়া রাজশাহী বোর্ডে নিবন্ধিত এক লাখ ৩৬ হাজার ৯৬৫ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিচ্ছে এক লাখ পাঁচ হাজার ৯৬৯ জন। আর ঝরে গেছে প্রায় ৩১ হাজার।সিলেটে নিবন্ধিত ৫০ হাজার ২৪৪ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিচ্ছে ৩৩ হাজার ৮০৩ জন। ঝরে গেছে ১৬ হাজার ৪৪১ জন। কুমিল্লায় ঝরে গেছে ৪৪ হাজার ২৭৯ জন। এই বোর্ডে নিবন্ধিত এক লাখ ৩৩ হাজার ৮৩০ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিচ্ছে ৮৯ হাজার ৫৫১ জন। চট্টগ্রাম বোর্ডে ঝরে গেছে ২৮ হাজার ২২০ জন শিক্ষার্থী। এই বোর্ডে ৮২ হাজার ২৫১ জন শিক্ষার্থী নবম শ্রেণীতে নিবন্ধন করলেও পরীক্ষা দিচ্ছে ৫৪ হাজার ৩১ জন। দিনাজপুর বোর্ডে নিবন্ধিত এক লাখ ১৬ হাজার ৮৬৪ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিচ্ছে ৯৩ হাজার ২৭৪ জন। ঝরে গেছে ২৩ হাজার ৫৯০ জন। অন্যদিকে মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায় ঝরে গেছে ৮০ হাজার ৩৯৬ জন শিক্ষার্থী। এই বোর্ডে দুই লাখ ৯০ হাজার ২৭৫ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিচ্ছে দুই লাখ নয় হাজার ৮৭৯ জন। কারিগরি বোর্ডের অধীনে নিবন্ধিত ৮২ হাজার ২৪১ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিচ্ছে ৭২ হাজার ৫৪৫ জন। আর ঝরে গেছে নয় হাজার ৬৯৬ জন। বিপুলসংখ্যক শিক্ষার্থী ঝরে পড়া প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, আর্থিক অনটনের কারণে অনেক শিক্ষার্থী ঝরে যায়। কেউ বা পড়ালেখা বন্ধ করে কাজে যোগ দেয়। তা ছাড়া অনেক মেয়ের বিয়ে হয়ে যায়। তিনি আরও বলেন, গ্রামগঞ্জের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আছে যেখানে নবম-দশম শ্রেণীতে পড়ানোর মতো ভালো শিক্ষক নেই। এ কারণেও অনেকে ঝরে যায়। এই বিপুলসংখ্যক শিক্ষার্থীর ঝরে পড়ার বিষয়টি বিরাট অপচয় বলে উল্লেখ করেন তিনি।