দুই বছরেও জারি হয়নি দুটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতে বাংলা ভাষা চালুর জন্য সরকারের দুটি পৃথক ঘোষণাপত্র জারি করা প্রয়োজন। তবে গত দুই বছরেও সরকার এ দুটি ঘোষণা জারি করেনি। আইন কমিশন ২০১১ সালের ৯ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয়ে এ দুটি ঘোষণা জারি করার জন্য সুপারিশ প্রতিবেদন পাঠায়।বাংলাদেশের সংবিধানের ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। সংবিধানের বিধানটি সঠিকভাবে মানার জন্য ১৯৮৭ সালে ‘বাংলা ভাষা প্রচলন আইন’ নামের একটি আইন করা হয়। তবে এখনো আদালতে বাংলার বদলে রয়েছে ইংরেজি ভাষার প্রাধান্য।১৯৮৭ সালের আইন অনুযায়ী, আইনটি প্রবর্তনের পর দেশের সর্বত্র তথা সরকারি অফিস, আদালত, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিদেশের সঙ্গে যোগাযোগ ছাড়া অন্য সব ক্ষেত্রে নথি ও চিঠিপত্র, আইন আদালতের সওয়াল জবাব এবং অন্য আইনানুগ কার্যাবলি অবশ্যই বাংলায় লিখতে হবে।আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম বলেন, ‘কমিশন আইন বাস্তবায়নের সুপারিশ করে। কিন্তু তারপর সরকার সেই সুপারিশ আর বাস্তবায়ন করে না। এ আইনটির বেলাতেও একই কথা প্রযোজ্য। অথচ দুটি পৃথক ঘোষণা জারি করলেই আদালতে বাংলা ভাষা ব্যবহারে আর কেউ কোনো আপত্তি দেখাতে পারবেন না।’উচ্চ আদালতে বাংলার ব্যবহারে জরুরি ভিত্তিতে ঘোষণা দুটি জারি করা উচিত বলে মন্তব্য করেন তিনি।আইন কমিশনের সুপারিশ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সংবিধানের ৩ নম্বর অনুচ্ছেদ এবং বাংলা ভাষা প্রচলন আইন ১৯৮৭ অনুযায়ী আদালতসহ প্রজাতন্ত্রের সব কাজকর্ম ও রাষ্ট্রীয় নথিপত্র বাংলা ভাষায় লেখা বাধ্যতামূলক। সে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে আইন বিভাগ তথা জাতীয় সংসদ এবং নির্বাহী বিভাগ সংবিধানের অনুচ্ছেদ এবং ১৯৮৭ সালের আইন পুরোপুরি অনুসরণ করছে। নিম্ন আদালতেও তা অনুসরণ করা শুরু হয়েছিল। তবে হাশমত উল্লাহ বনাম আজমিরি বিবি ও অন্যান্য মামলায় (৪৪ ডিএলআর ৩৩২-৩৩৮ অনুচ্ছেদ ২০) হাইকোর্ট বিভাগ রায় দিয়েছেন যে, ‘সরকার অধস্তন দেওয়ানি আদালতের ভাষার ব্যাপারে দেওয়ানি কার্যবিধির ১৩৭ (২) ধারায় কোনো ঘোষণা দেন নাই, তাই বাংলা ভাষা প্রচলন আইন জারি করার পরও অধস্তন দেওয়ানি আদালতের কার্যক্রম ইংরেজি ভাষায় চলমান রাখা যাবে।’ আইন কমিশনের সুপারিশে আদালতের ভাষা বাংলা চালু করার জন্য দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮-এর সেকশন ৫৫৮-এর অধীনে একটি এবং দ্য কোড অব সিভিল প্রসিডিউর ১৯০৮-এর সেকশন ১৩৭ (২)-এর অধীনে সরকার দুটি পৃথক ঘোষণাপত্র জারি করলে আদালতে তা অবিলম্বে কার্যকর করা সম্ভব হবে বলে বলা হয়েছে। ১৯৮৭ সালের আইনে আরও বলা হয়েছে, আইনে উল্লেখ করা প্রতিষ্ঠানগুলোর কর্মস্থলে যদি কোনো ব্যক্তি বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় আবেদন বা আপিল করে, তাহলে তা বেআইনি ও অকার্যকর বলে গণ্য হবে। যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী এই আইন অমান্য করেন, তাহলে সেই কাজের জন্য তিনি সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধির অধীনে অসদাচরণ করেছেন এবং তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধি অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘আজ পর্যন্ত শুনিনি ১৯৮৭ সালের আইন অনুযায়ী এ অপরাধে কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে।’ ১৯৮৭ সালের আইনের বিধিমালা তৈরি হয়নি এখনো।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম বলেন, উচ্চ আদালতে বিচারপতিদের অনেকেই বাংলা ভাষায় রায় লিখছেন। তবে ইংরেজির ব্যবহারই বেশি। সে ক্ষেত্রে বলা যায়, আইনটি পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না। ব্রিটিশ আমল থেকে আদালতে ইংরেজি ভাষার চর্চা হয়ে আসছে। তাই সব ক্ষেত্রে বাংলা চালু করতে কিছুটা কষ্ট হবেই।আইনমন্ত্রী শফিক আহমেদ আইন কমিশন যাতে সুপ্রিম কোর্টকেও এ ধরনের সুপারিশ প্রতিবেদন পাঠায়, তার সুপারিশ করেন।