দুই বছরেও ভোট গণনা হয়নি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতৃত্ব নির্বাচন করতে কাউন্সিলরদের ভোট নেওয়া হয়েছিল ২০১০ সালের ১১ আগস্ট। প্রায় দুই বছর পেরিয়ে গেলেও সেই ভোট গণনা শেষ হয়নি! তাই ছাত্রদলের নতুন কমিটিও আর হয়নি।দলীয় সূত্র জানায়, ২০১০ সালের ১১ আগস্ট চট্টগ্রাম নগর ছাত্রদলের প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। এতে নগর ছাত্রদলের ১১৮ কাউন্সিলরের মধ্যে ১০৮ জন ভোটাভুটিতে অংশ নেন। তাঁরা নিজের নাম বাদ দিয়ে পছন্দের পাঁচ নেতার নাম গোপন ব্যালটে উল্লেখ করেন। পরে ব্যালটগুলো কেন্দ্রীয় নেতারা ঢাকায় নিয়ে যান। এরপর কী হয়েছে, তা আর জানেন না স্থানীয় নেতারা।কাউন্সিলের ভোটাভুটিতে অংশ নেওয়া নগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম বলেন, ‘ভোট তো দিয়েছি দুই বছর আগে। মনে হয় গণনা এখনো শেষ হয়নি। কবে শেষ হবে, তা-ও জানি না।’ তিনি জানান, নতুন কমিটি না হওয়ায় চট্টগ্রাম নগর ছাত্রদলের সাংগঠনিক কাঠামো দুর্বল হয়ে পড়ছে। নগর ছাত্রদলের আরেক কাউন্সিলর গাজী সিরাজ বলেন, ‘প্রায় সাড়ে নয় বছর আগের কমিটির প্রায় সবাই কর্মজীবনে ঢুকে গেছেন। অনেকের ছেলে-মেয়ে স্কুলে পড়াশোনা করছে। কেউ আবার যুবদল ও বিএনপির কমিটিতে স্থান করে নিয়েছেন।’ তিনি বলেন, ‘এই অবস্থায় সম্প্রতি অনুষ্ঠিত আইন কলেজের ছাত্র সংসদ নির্বাচনে আমরা প্রার্থী দিতে পারিনি।’ ছাত্রদল সূত্র জানায়, ২০০৩ সালের ২৯ মার্চ অনুষ্ঠিত চট্টগ্রাম নগর ছাত্রদলের সম্মেলনের পর ৮১ সদস্যের নগর ছাত্রদলের কমিটি গঠন করা হয়। ওই কমিটির সভাপতি মোশাররফ হোসেনকে সম্প্রতি নগর যুবদলের সাধারণ সম্পাদক করা হয়েছে। আর ওই কমিটির সাধারণ সম্পাদক আহমেদুল আলম চৌধুরীকে নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক করার প্রস্তাব পাঠানো হয়েছে। তবে নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি এখনো ঘোষণা করা হয়নি। চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন বলেন, ‘চট্টগ্রাম নগর ছাত্রদলের কাউন্সিলরদের ভোট গ্রহণের পর দুই বছর পেরিয়ে যাচ্ছে। এখনো কোনো কমিটি ঘোষণা করা হয়নি। বিষয়টি নিয়ে গত মঙ্গলবার ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে আমি সরাসরি কথা বলেছি। ম্যাডাম তো রমজান মাসে চট্টগ্রাম নগর ছাত্রদলের কমিটি করে দেবেন বলে বলেছেন।’ভিন্ন কথা বলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার। তিনি বলেন, ‘ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠনের আগে জেলা পর্যায়ের কমিটি গঠন আপাতত হচ্ছে না।’