দুই বছরেও হতাশা কাটেনি বিনিয়োগকারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালের ৬ ডিসেম্বর। দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন শুরু হয়। একপর্যায়ে এই দরপতন ভয়াবহ ধসে রূপ নেয়। আর এই ধসে পুঁজি হারিয়ে নিঃস্ব হন কয়েক লাখ বিনিয়োগকারী। তাঁদের ক্ষোভ বিক্ষোভে রূপ নেয়। বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা রাজপথে নেমে আসেন। তাঁদের বিক্ষোভে কেঁপে ওঠে রাজপথ। পুলিশের সঙ্গে বিনিয়োগকারীদের সংঘর্ষ, সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে।শেয়ারবাজারে ভয়াবহ দরপতনের দুই বছর পার হলেও কাটছে না বিনিয়োগকারীদের হতাশা। দুই বছর পরও বাজারে ফিরে আসেনি বিনিয়োগকারীদের আস্থা। ফেরেনি স্থিতিশীলতাও। সরকারসহ কর্তাব্যক্তিদের কাছ থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে এর কোনো ফল আসেনি বাজারে। ফলে দেশের শেয়ারবাজারে অব্যাহতভাবে দরপতন চলছেই।২০১০ সালের ৫ ডিসেম্বর। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচকের অবস্থান ছিল ৮৯১৮ পয়েন্টে। ওই দিন ডিএসইতে লেনদেন হয়েছিল তিন হাজার ২৪৯ কোটি টাকার। একই দিন ডিএসইর কোম্পানিগুলোর বাজার মূলধন দাঁড়িয়েছিল তিন লাখ ৬৮ হাজার ৭১ কোটি টাকার। দুই বছর পর গত বৃহস্পতিবার দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক দাঁড়িয়েছে ৪০৬৬ পয়েন্টে। আর লেনদেন প্রায় তিন হাজার কোটি টাকা কমে ২৬৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। একই সঙ্গে বাজার মূলধনও কমেছে প্রায় এক লাখ ৩৫ হাজার কোটি টাকা।তদন্ত কমিটি গঠনপুঁজিবাজারে ধসের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করে। ওই প্রতিবেদনে অনেকগুলো সুপারিশও করা হয়। এর মধ্যে কিছু সুপারিশ বাস্তবায়ন করা হলেও বেশির ভাগই বাস্তবায়িত হয়নি। এমনকি শেয়ারবাজারে কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিরাও ধরাছোঁয়ার বাইরে থেকে যান।এসইসি পুনর্গঠনখন্দকার ইব্রাহীম খালেদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) পুনর্গঠন করে সরকার। ২০১১ সালের ১৫ মে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) তত্কালীন চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে চার জন সদস্যও নিয়োগ দেওয়া হয়।বিশেষ প্রণোদনা প্যাকেজবাজারে স্থিতিশীলতা আনতে গত বছরের ২৩ নভেম্বর সরকারের পক্ষ থেকে বিশেষ প্রণোদনা প্যাকজ ঘোষণা করা হয়। এর মধ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে।ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণসরকারের বিশেষ প্রণোদনা প্যাকেজে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ক্ষতিপূরণ প্যাকেজও ঘোষণা করে এসইসি। ১ থেকে ১০ লাখ টাকা বিনিয়োগ করে যেসব ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয় ওই প্যাকেজে।আনোয়ার হোসেন নামের একজন বিনিয়োগকারী জানান, ২০০৯ সালে তিনি শেয়ারবাজারে বিনিয়োগ শুরু করেন। নিজের পুঁজি এবং ব্রোকারেজ হাউস থেকে ঋণ নিয়ে প্রায় আট কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। বাজারে অব্যাহত দরপতনে তাঁর নিঃস্বপ্রায় অবস্থা। তিনি নিজের পুঁজি তো হারিয়েছেনই, উপরন্তু ব্রোকারেজ হাউসের কাছে তিনি প্রায় ৫০ লাখ টাকা দেনা আছেন। এখন খুবই দুঃসহ অবস্থায় দিন কাটাচ্ছেন বলে জানান তিনি।এ বিষয়ে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্যপরিষদের সাংগঠনিক সম্পাদক শাহাদাত উল্লাহ ফিরোজ প্রথম আলো ডটকমকে বলেন, দুই বছর ধরে শেয়ারবাজারে দরপতন অব্যাহত রয়েছে। দরপতন ঠেকাতে সরকারের পক্ষ থেকে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু কোনো প্রতিশ্রুতিই কাজে আসেনি। তাই বিনিয়োগকারীদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিয়েছে। আর এ কারণে কাছে টাকা থাকলেও কেউ বড় ধরনের বিনিয়োগে যেতে পারছেন না।বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্যপরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, বাজারধসের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে ‘প্রহসন প্যাকেজ ঘোষণা করা হয়’, যা বাস্তবায়নের কোনো কাজে আসেনি। এসইসির পক্ষ থেকে বারবার বিনিয়োগকারীদের আশ্বস্ত করা হলেও তাঁরা নিরাশ হয়েছেন। এ অবস্থায় দিন দিন বিনিয়োগকারীদের হতাশা বাড়ছে। বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সব পক্ষের বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি। এ ছাড়া শেয়ারবাজারে কারসাজি চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন মিজান উর রশিদ।বাজারের সার্বিক বিষয়ে পুঁজিবাজারবিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, ১৯৯৬ সালে দেশের শেয়ারবাজারে বড় ধরনের ধসের ঘটনা ঘটেছিল। পরের দুই থেকে তিন বছর বাজারে মন্দা অবস্থা অব্যাহত থাকে। এ সময় অনেক বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হন। অনেকে বাজার থেকে বেরিয়ে যান। বর্তমানে ওই ঘটনারই পুনরাবৃত্তি ঘটছে বাজারে।তিনি বলেন, বাজারধসের দুই বছর পার হয়েছে। ছিয়ানব্বইয়ের ঘটনার মতো বাজারে এখনো মন্দাভাব অব্যাহত রয়েছে। এ অবস্থায় কেউ নতুন করে বিনিয়োগে আসতে সাহস পাচ্ছেন না।তবে মন্দা বাজারে সুযোগ নিতে পারলে অধিক লাভবান হওয়া যায় বলে মন্তব্য করেন এই অর্থনীতিবিদ। তাঁর মতে, মন্দা বাজারে শেয়ারের দাম অনেক কম থাকে। এ অবস্থায় শেয়ার কিনে রাখতে পারলে পরে বেশি লাভবান হওয়া যায়।