দুই বছরের জন্য লন্ডনে পিট-জোলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচিত মার্কিন তারকা জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি দুই বছরের জন্য লন্ডনে থিতু হওয়ার পরিকল্পনা করেছেন। মূলত এই দুই বছরে পরপর তিনটি ব্রিটিশ ছবিতে অভিনয় করবেন জোলি, আর এ কারণেই পিট-জোলির এই পরিকল্পনা। এর আগে গত বছর ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’ ছবির শুটিংয়ের জন্য সপরিবারে লন্ডনের রিচমন্ড এলাকায় বসত গেড়েছিলেন ব্র্যাড পিট। এবারে জোলির জন্য আবারও সেই একই শহরে বসবাস শুরু করতে যাচ্ছেন তিনি। সেখানে মে মাস থেকে ‘মেলফিসেন্ট’ ছবির শুটিং শুরু করবেন জোলি। এরপর পরই তিনি পিটের সঙ্গে রাইডলি স্কটের ‘দ্য কাউন্সেলর’ ছবিতে অভিনয় করবেন। এ ছবির কাজ শেষে জোলি কাজ করবেন ড্যানি বয়েল পরিচালিত একটি ছবিতে। এ প্রসঙ্গে পিট-জোলির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে দ্য সান জানিয়েছে, ‘গত বছর যুক্তরাজ্যে থাকার অভিজ্ঞতাটা দারুণ ছিল পিট এবং জোলির। তাঁরা মনে করেন, বিশ্বের অন্যতম সুন্দর একটি জায়গা রিচমন্ড। সেখানকার সংস্কৃতি তাঁদের দারুণ মনে ধরেছে। তাঁদের মনে হয়েছে, সন্তানদের পড়ালেখার জন্যও জায়গাটি আদর্শ। আর মাত্র তিন সপ্তাহ পরেই মেলফিসেন্ট ছবির কাজ শুরু করতে যাচ্ছেন জোলি, সেপ্টেম্বর পর্যন্ত এর শুটিং চলবে। এ সময়টাতে বাচ্চাদের দেখ-ভালের দায়িত্ব পালন করবেন পিট। এরপর পিটের সঙ্গে “দ্য কাউন্সেলর” ছবির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন জোলি।’এদিকে ১৩ এপ্রিল শুক্রবার নিজেদের বাগদানের ঘোষণা দিয়েছেন পিট-জোলি। কিন্তু কাজের প্রচণ্ড চাপের কারণে এখন পর্যন্ত বিয়ের দিন-ক্ষণ চূড়ান্ত করতে পারেননি তাঁরা। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘এখনো পিট-জোলির বিয়ের তারিখ ঠিক হয়নি। যত দূর সম্ভব, ফ্রান্সে নিজেদের বাড়িতে ফিরে গিয়ে বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা।’