দুই বছরের মধ্যে পারমাণবিক অস্ত্র হবে ইরানের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান আগামী দুই বছরের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য অর্জনে সক্ষম হবে। যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই-৬ এই তথ্য পাওয়ার কথা দাবি করেছে। একই সঙ্গে তারা ২০০৮ সালে পারমাণবিক অস্ত্র অর্জনে ইরানের প্রচেষ্টা ভণ্ডুল করে দেওয়ার দাবি করেছে। আজ শুক্রবার জি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এমআই-৬-এর প্রধান স্যার জন সয়ার্সের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সালের শুরুর দিকে যুক্তরাজ্যের গোয়েন্দারা গোপন অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি প্রচেষ্টায় বাধা দিতে সক্ষম হন। তবে তিনি বলেন, ‘দেশটি ২০১৪ সাল নাগাদ তার লক্ষ্যে পৌঁছে যাবে বলে মনে হচ্ছে।’যুক্তরাজ্যের পত্রিকা টেলিগ্রাফের বরাত দিয়ে জি নিউজ জানায়, গত সপ্তাহে লন্ডনে প্রায় ১০০ জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার সঙ্গে এক বৈঠকে সয়ার্স বলেন, পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়া থেকে আর মাত্র দুই বছর দূরে আছে ইরান। যখন সে সময় আসবে, তখন ইরানে সামরিক হামলা চালাবে কি না, এর সিদ্ধান্ত নিতে হবে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে।সয়ার্সের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটির প্রতিবেদনে আরও বলা হয়, প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহার করে সব ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির পথে ইরান দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। সয়ার্স বলেন, এটা অত্যন্ত পরিষ্কার যে পারমাণবিক শক্তির অধিকারী দেশে পরিণত হলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য ইরান হুমকি হয়ে দাঁড়াবে।