দুই বছরের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী দুই বছরের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান হবে। আজ শনিবার দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে মেঘনা নদীর তীরে খান ব্রাদার্স শিপ বিল্ডিং লিমিটেডের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা জানান।আবদুল মুহিত বলেন, ‘শিল্পপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। এই অঙ্গীকার পূরণে সরকার এগিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে অর্থায়নসহ কিছু সমস্যা রয়েছে। আমরা নিজস্ব উপায়ে বিদ্যুৎ উত্পাদন করছি। ২০১৩-১৪ সালের মধ্যে বিদ্যুতের সমস্যা আর থাকবে না বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।’অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নে বর্তমান সরকার তিনটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে। এর মধ্যে রয়েছে—কৃষি ও গ্রামীণ খাতকে শক্তিশালী করা, ব্যক্তিমালিকানাধীন খাতকে অগ্রসর করা এবং উন্নয়নে উল্লম্ফনের জন্য অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানি খাত অগ্রসর করা।’মুহিত আরও বলেন, ‘তৈরি পোশাকশিল্পে বাংলাদেশ দ্বিতীয় রপ্তানিকারক দেশ হিসেবে অবস্থান গড়ে নিয়েছে। কিন্তু এটাই যথেষ্ট নয়। বর্তমানে যেসব খাত রপ্তানি আয়ে মূল ভূমিকা রাখছে, সেগুলোর সঙ্গে নতুন নতুন খাত যুক্ত করতে হবে। এ ক্ষেত্রে গৃহস্থালি সামগ্রী, শিপ বিল্ডিং, খেলনা ও আসবাবপত্র সম্ভাবনাময় রপ্তানি খাত হিসেবে অবস্থান করে নিচ্ছে।’জাহাজ নির্মাণ শিল্পকে এগিয়ে নেওয়ার বিভিন্ন দাবির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ জাহাজ নির্মাণে সুবিধাজনক করনীতির প্রস্তাব সুনির্দিষ্টভাবে উপস্থাপন করা হলে সরকার তা বিবেচনা করবে। তবে বিদেশি ব্যাংক থেকে ঋণ নেওয়ার ব্যাপারে এখনই স্পষ্টভাবে বলা সম্ভব নয়। যথাসময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ইতিমধ্যে জাহাজভাঙা শিল্পের নীতিমালা তৈরি করা হয়েছে। আগামী জুনের মধ্যে জাহাজ তৈরি শিল্পের নীতিমালা প্রণয়ন করা হবে। দিলীপ বড়ুয়া জানান, মুন্সিগঞ্জের এই এলাকায় বিশেষ শিল্প অঞ্চল গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, সরকার কোনো শিল্পকারখানা করবে না। এ ক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। সরকারের পক্ষ থেকে যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করা হবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ভেনড অলিং, বাংলাদেশ বণিক সমিতি ফেডারেশনের সভাপতি একে আজাদ, রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমেদ আল কবির, ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন, ব্যারিস্টার আমির-উল-ইসলাম, খান ব্রাদার্স শিপ বিল্ডিংয়ের চেয়ারম্যান এনামুল কবির খান, ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান, আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আবদুল্লাহেল বারি, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।