দুই বছরের মধ্যে একটি স্বনির্ভর ও আধুনিক প্রতিষ্ঠানে পরিণত হবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ট্রাস্ট পরিচালনাকারী কর্তৃপক্ষ এ কথা জানিয়েছেন।আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রফিকুল ইসলাম। সভায় ট্রাস্টের পক্ষ থেকে বলা হয়, বর্তমান সরকার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ১৩০ কোটি টাকার ঋণ মওকুফ করায় বর্তমানে এ ট্রাস্টের আর কোনো ঋণ নেই। এ ছাড়া ট্রাস্টের ১২ একর জমির মালিকানা চূড়ান্ত হওয়ায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। এসব কারণেই তাঁরা আশা করছেন, ২০১৩ সালের মধ্যে এই ট্রাস্ট একটি স্বচ্ছল ও আধুনিক প্রতিষ্ঠানে পরিণত হবে।বৈঠকে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই প্রক্রিয়ার অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলকে আগামী এক মাসের মধ্যে যাচাই-বাছাই কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।সভায় কমিটির সদস্য শওকত মোমেন শাহজাহান, জয়নাল আবদিন, শামসুর রহমান ও বেগম রুবী রহমান অংশ নেন। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক সচিব মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।