দুই বছরের মাথায় কার্পেটিং উঠে শেষ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার উলিপুর-ফকিরের হাট চার কিলোমিটার পাকা রাস্তাটির দুই বছরের মাথায় কার্পেটিং উঠে যানবাহন ও জনগণের চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। চার কিলোমিটার রাস্তার পুরোটায় রয়েছে গর্ত, খানাখন্দ। জনগুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিদিন দুই সহস্রাধিক লোক ও দুই শতাধিক যানবাহন চলাচল করে।২০০৪-০৫ এবং ২০০৫-০৬ অর্থবছরে চারটি প্যাকেজে ৭৮ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে এলজিইডি, উলিপুর রাস্তাটির কার্পেটিং করে। ঠিকাদার জিল্লুর রহমান, নূর ইসলাম সরকার, রেদোয়ানুল হক এবং টি এন্টারপ্রাইজ বোয়ালিয়া-রাজশাহী রাস্তার কাজ করে। এলাকাবাসীর অভিযোগ, টি এন্টারপ্রাইজ এবং নূর ইসলাম সরকার নিম্নমানের কাজ করায় কার্পেটিংয়ের পরপরই যানবাহন চলাচলের ফলে রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয়। নিম্নমানের কাজের কারণে ওই রাস্তার সুপারভিশনের দায়িত্বে নিয়োজিত উপসহকারী প্রকৌশলী ফজলুল হককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে তদন্ত দল এসে রাস্তাটা সরেজমিন পরিদর্শন করে অসোন্তষ প্রকাশ করলে পরে আবার রাস্তাটির কাজ দায়সাড়াভাবে সম্পন্ন করে ঠিকাদার বরাদ্দকৃত অর্থের পুরোটাই তুলে নেন।সরেজমিনে দেখা গেছে, রাস্তাটি দীর্ঘদিন ধরে উন্নয়ন ও সংস্কারবিহীন। এই রাস্তায় চলাচলকারী ধামশ্রেণী ইউনিয়নের দবির উদ্দিন জানান, তাঁর এলাকায় কেউ অসুস্থ হলে তাকে দ্রুত হাসপালে নেওয়া সম্ভব হয় না। ফলে অনেক রোগী রাস্তায় মারা যায়। ভ্যানচালক আবুল কালাম জানান, এই রাস্তা দিয়ে মালামাল পরিবহনে তাঁদের খুব কষ্ট হয়। পুরো রাস্তাই খানাখন্দে ভরে যাওয়ায় মাঝেমধ্যে মাল বোঝাই ভ্যান উল্টে যায়। উলিপুর প্রকৌশল অফিসের কর্মচারী মো. আলম প্রতিদিন মোটরসাইকেলে ওই পথে যাতায়াত করে থাকেন। তিনি জানান, রাস্তাটির অবস্থা এতটাই খারাপ যে সময়মতো অফিসে পৌঁছানো খুবই দুরূহ হয়ে পড়ে।মাইক্রোবাসচালক খোকন জানান, উলিপুর সদর থেকে রানীগঞ্জ বাজার পর্যন্ত এই রাস্তাটি যানবাহন চলাচলের অযোগ্য হওয়ায় বিকল্প পথে যাতায়াত করতে হয়। এতে মূল্যবান সময় ও ভাড়া বেশি পড়ছে। ধামশ্রেণী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমার বাড়ি যাওয়ার রাস্তা এটি। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার ও উন্নয়ন না হওয়ায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলীসহ নির্বাহী প্রকৌশলীকে জানিয়েও কোনো লাভ হয়নি। উপজেলা প্রকৌশলী রুহুল আমিন জানান, শুধু তিনিই নন, তাঁর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রাস্তাটির অবস্থা সম্পর্কে অবগত আছেন। রাস্তাটি সংস্কারের জন্য চিঠি চালাচালি করেও কোনো সাড়া পাইনি।’কুড়িগ্রাম এলজিইডির ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী রায়হানুল হক জানান, ২০১০-১১ অর্থবছরে রাস্তাটি উন্নয়ন ও সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে।