দুই বছরের মেয়েকে নির্যাতন করায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে দুই বছরের মেয়ের ওপর নির্যাতন চালানোর অভিযোগে এলিজাবেথ এস্কালোনা নামের এক মাকে ৯৯ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার টেক্সাসের একটি আদালত এ আদেশ দেন। আজ টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, আদালতে আইনজীবী ইরেন প্রাইস তাঁকে ৪৫ বছর কারাদণ্ড দেওয়ার অনুরোধ করেন। কিন্তু পাঁচ দিনের শুনানি শেষে ওই আদালতের বিচারক ল্যারি মিচেল এলিজাবেথকে ৯৯ বছরের কারাদণ্ডাদেশ দেন। ইরেন প্রাইস এলিজাবেথকে মিথ্যাবাদী, পিশাচ ও ‘অযোগ্য মা’ হিসেবে বর্ণনা করেছেন। গত বৃহস্পতিবার তিনি এলিজাবেথকে জোসেলিনের শরীরে আঘাতের জখম দেখতে বাধ্য করেন। প্রাইস বলেন, এলিজাবেথ ৩০ বছর পর প্যারোলে মুক্তির জন্য আবেদন করতে পারবেন। কয়েক দশকের জন্য কারাগারে পাঠানোর ফলে তাঁর সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।পুলিশ জানায়, গত ৭ সেপ্টেম্বর এলিজাবেথ তাঁর দুই বছর বয়সী মেয়ে জোসেলিন সেডিলোকে নির্মমভাবে পেটান। এরপর সুপার গ্লু দিয়ে তার হাত ঘরের দেয়ালের সঙ্গে আটকে দেন। মায়ের এই নৃশংস আচরণে গুরুতর আহত জোসেলিন কয়েক দিনের জন্য কোমায় চলে যায়। এলিজাবেথের অপর সন্তানেরা কর্তৃপক্ষকে জানায়, জোসেলিনকে পটিতে বসে প্রাকৃতিক কাজ করা শেখাতে গিয়ে এলিজাবেথ তাকে পিটিয়েছেন।চিকিৎসকদের পরীক্ষা থেকে দেখা যায়, এলিজাবেথের মারধরের ফলে জোসেলিনের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে ও পাঁজরের হাড় ভেঙেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য কামড় ও আঘাতের চিহ্ন রয়েছে। ওই বাড়ির দেয়াল থেকে আঠাযুক্ত পদার্থের অবশিষ্টাংশ ও সাদা রঙের পাতলা টুকরোও পাওয়া গেছে। শারীরিকভাবে এখন আগের চেয়ে কিছুটা সুস্থ জোসেলিন। বর্তমানে নানি ওফেলিয়া এস্কালোনাই তার সেবাযত্ন করছেন। জোসেলিনের পাশাপাশি এলিজাবেথের বাকি চার সন্তানও তাঁর কাছে থাকছে।