দুই বন্দরসহ কক্সবাজারে ৩ নম্বর সতর্কসংকেত
গভীর সঞ্চরণশীল মেঘমালার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর প্রভাবে এখন চট্টগ্রামে ভারী বর্ষণ চলছে।পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, ঝোড়ো হাওয়ার কারণে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।সঞ্চরণশীল মেঘমালার কারণে গতকাল সোমবার রাতে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় ভারী বর্ষণ শুরু হয়। মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবারও সেখানে বর্ষণ অব্যাহত আছে।উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে।আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।