দিল্লি হাইকোর্টে বোমা হামলার আগে কাশ্মীরি যুবক ওয়াসিম আরও দুই বাংলাদেশিসহ ভারতের জুম্মু-কাশ্মীরে যান। হামলার দুইদিন পর তাঁরা বাংলাদেশে ফিরে আসেন।ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) বরাত দিয়ে গতকাল ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সহযোগী প্রতিষ্ঠান টাইমস নাউ টেলিভিশনের অনলাইনের এক খবরে এ তথ্য দেওয়া হয়। অবশ্য দুই বাংলাদেশীর নাম-পরিচয় প্রকাশ পায়নি।ওয়াসিম সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের আবাসিক ছাত্র। সম্প্রতি তিনি কলেজ ছাত্রাবাস থেকে ‘উধাও’ হয়ে যান। পরে সরকারী সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে খবর বের হয়, তাঁকে গত ৪ অক্টোবর দিল্লি হাইকোর্টে বোমা হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে এনআইএ-এর হেফাজতে আছেন। এনআইএর বরাত দিয়ে টাইমস নাউ টেলিভিশনের বলা হয়, গত ২৭ আগস্ট ওয়াসিম আরও দুজন বাংলাদেশিসহ বাংলাদেশ থেকে জম্মু-কাশ্মীরে যান। সেখানে তাঁর বাড়িতে থাকেন। ১ সেপ্টেম্বর তাঁরা কাশ্মীরের কিশতোয়ার শহরে যান। সেখানে একটি সাইবার ক্যাফে বসে সেখানকার আবিদ হোসেনের ই-মেইল ঠিকানা ব্যবহার করে তাঁরা দিল্লি হাইকোর্টে বোমা হামলার দায় স্বীকার করে চিঠি তৈরি করেন। এরপর ৬ সেপ্টেম্বর ওয়াসিম ও তাঁর দুই বাংলাদেশি বন্ধু জম্মু ফিরে আসেন। এরপর ৯ সেপ্টেম্বর তাঁরা বিমানযোগে বাংলাদেশে ফেরেন। এর দুই দিন আগে ৭ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টে বোমা হামলা হয়। এতে নিহত হয় ১৫ জন। পরে কাশ্মীর থেকে আবিদ হোসেন ও আমির কামাল (কাশ্মীরভিত্তিক জঙ্গি সংগঠন হিযবুল মুজাহিদীনের আঞ্চলিক কমান্ডার) নামে দুজনকে আটক করে এনআইএ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ওয়াসিমের নাম পাওয়া যায়। এর পর থেকে ওয়াসিমের বাংলাদেশের মুঠোফোন পর্যবেক্ষণ করতে থাকেন গোয়েন্দারা। এ ছাড়া ওয়াসিমের ভাই জুনাইদ আকরামকেও একই বোমা হামলায় সন্দেহভাজন হিসেবে খোঁজা হচ্ছে। অবশ্য পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ওয়াসিম নির্দোষ।এদিকে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ‘নিখোঁজ’ শিক্ষানবিশ চিকিৎসক আশরাফুজ্জামান চৌধুরী পাঁচ দিন পর ফিরেছেন।কলেজ কর্তৃপক্ষ জানায়, গতকাল সোমবার বেলা দুইটায় আশরাফুজ্জামানকে কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনীর সদস্যরা। এর কিছুক্ষণ পর তাঁর এক মামা এসে কলেজ থেকে তাঁকে বাড়ি নিয়ে যান।টেলিফোনে জানতে চাইলে আশরাফুজ্জামান প্রথম আলোকে জানান, বুধবার রাতে একদল লোক তাঁকে ধরে নিয়ে যায়। তাঁর ধারণা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে ধরে নিয়ে গিয়েছিল। এরপর পাঁচ দিন ধরে তাঁকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।তবে কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এ ব্যাপারে আশরাফুজ্জামান কিছু বলতে রাজি হননি। তিনি বলেন, ‘এককথায় বলি, আমাকে তারা যে কারণে নিয়ে গিয়েছিল, সেসব কিছুই আমার কাছে পায়নি। এ জন্য ছেড়ে দিয়েছে।’তবে সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানিয়েছে, দিল্লি হাইকোর্টে বোমা হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক হওয়া কাশ্মীরি যুবক ওয়াসিমের সঙ্গে যোগসাজশ এবং তাঁর সঙ্গে ভারতে ভ্রমণের বিষয়ে আশরাফুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অন্যদিকে ওয়াসিম ভারতে গ্রেপ্তার দেখানোর পর সিলেটের মেডিকেল কলেজে তাঁর ঘনিষ্ঠ সন্দেহে গত বৃহস্পতিবার রাতে শিক্ষানবিশ দুজন শিক্ষানবিশ চিকিৎসক ও দুজন ছাত্রকে সাদা পোশাকের একদল লোক ধরে নিয়ে যায়। এ চারজনের বাড়িও জম্মু-কাশ্মীরে। তাঁরা গত রোববার ছাড়া পেয়ে কলেজে ফিরে আসেন। একই কলেজের আরেক নারী শিক্ষার্থীকে (কাশ্মীরে বাড়ি) গত শুক্রবার সিলেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনীর কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে কলেজের অধ্যক্ষ ওই দিনই সাংবাদিকদের জানিয়েছেন।এ ছাড়া গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে হাসপাতালে যাওয়ার পথে ‘নিখোঁজ’ হন আশরাফুজ্জামান। এরপর বৃহস্পতিবার দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে সেখানকার চিকিৎসক রশিদ আহমদকে (বাংলাদেশি) সাদা পোশাকের একদল লোক ধরে নিয়ে যায়। তিনি শনিবার ভোরে ছাড়া পান। এঁদের সবাইকে দিল্লির বোমা হামলায় ভারতে আটক ওয়াসিম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।গতকাল যোগাযোগ করা হলে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ মেজর জেনারেল (অব.) নাজমুল ইসলাম প্রথম আলোকে জানান, আশরাফুজ্জামান ফিরেছেন। তবে তিনি গত পাঁচ দিন কোথায় ছিলেন, কারা তাঁকে ফেরত দিয়ে গেছে, এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি অধ্যক্ষ।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, পুলিশও এ ব্যাপারে কিছু জানে না।আশরাফুজ্জামানের বাড়ি সিলেটের বিয়ানীবাজারের চারখাই এলাকার আদিনাবাদ গ্রামে, তবে তাঁর পরিবার দুবাইয়ে থাকে। আশরাফুজ্জামান দুবাইয়ে লেখাপড়া করেন। পরে তিনি সিলেটে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে ভর্তি হন এবং এমবিবিএস পাশ করেন।