দুই বাংলাদেশির মৃত্যু, লিবিয়া থেকে ৩৪৯১ জন ফিরেছেন
লিবিয়া ছেড়ে তিউনিসিয়া ও মিসরে যাওয়ার পর দুই বাংলাদেশি মারা গেছেন। তাঁদের মধ্যে গত শুক্রবার সন্ধ্যায় তিউনিসিয়ায় অস্থায়ী শিবিরে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান নোয়াখালীর সেলিম চৌধুরী। একই দিন সকালে মিসরের সীমান্তবর্তী একটি অস্থায়ী শিবিরে মারা যান নরসিংদীর জাহাঙ্গীর আফ্রাদ। পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস গতকাল শনিবার তাঁর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, নিহত দুই বাংলাদেশির মরদেহ যত দ্রুত সম্ভব দেশে আনার কাজ চলছে। পররাষ্ট্রসচিব বলেন, ‘দুজনের কেউই সহিংসতায় প্রাণ হারাননি। জাহাঙ্গীরের মৃত্যুও স্বাভাবিক কারণে ঘটেছে বলে জেনেছি। তবে সুরতহাল প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ পররাষ্ট্রসচিব জানান, লিবিয়া থেকে গ্রিস, মিসর ও তিউনিসিয়া হয়ে সব মিলে ২৬ হাজার ৩৪১ জন দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে গতকাল পর্যন্ত এসে পৌঁছেছেন তিন হাজার ৪৯১ জন। গতকাল ফিরেছেন ৬১৬ জন। তিনি জানান, তাঁদের মধ্যে কেউ নিজ কোম্পানির খরচে, কেউ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং কেউ ব্যক্তিগত খরচে দেশে এসেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি কাগজপত্র এবং বিভিন্ন সূত্রমতে, প্রায় ৬০ হাজার বাংলাদেশি লিবিয়ায় রয়েছেন। তবে এ সংখ্যা বেশিও হতে পারে। কাগজপত্র কিংবা দূতাবাসে তথ্য নেই—এমন লোকের সংখ্যা নিশ্চিত করে বলা যাবে না।লিবিয়ার আশপাশের নিরাপত্তা-পরিস্থিতিকে এখনো ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করেন মিজারুল কায়েস। তিনি বলেন, মিসরে অবস্থানরত বাংলাদেশের কর্মকর্তারা পানি, ফলের রস ও শুকনো খাবার নিয়ে ট্রাকে চড়ে সীমান্তের অস্থায়ী শিবিরে যাওয়ার সময় আক্রান্ত হন। ফলে সেখানে অবস্থানরত ১০ ভাগ বাংলাদেশিকে খাবার দেওয়া যায়নি। লিবিয়ার পরিস্থিতি কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে সরকার কীভাবে মূল্যায়ন করছে জানতে চাইলে সচিব বলেন, দেশটির বিরাজমান সমস্যা তাদের অভ্যন্তরীণ বিষয়। সেখানকার নাগরিকেরা ভিন্ন ভিন্ন মত পোষণ করছেন। তবে বাংলাদেশ চায় লিবিয়ার পরিস্থিতির দ্রুত সুন্দর সমাধান হোক। জাতিসংঘের মাধ্যমে কোনো ধরনের সহযোগিতার সুযোগ থাকলে বাংলাদেশ অবশ্যই সহায়তা করবে।গ্রিসে ঠিকানা বদলে বিপত্তি: লিবিয়া থেকে গ্রিসের ক্রিট দ্বীপে অস্থায়ী আশ্রয়স্থল থেকে বেশ কয়েকজন বাংলাদেশি চলে গেছেন। ফলে এ বিষয়টি সেখানকার দূতাবাস ও বাংলাদেশ সরকারের জন্য অস্বস্তির সৃষ্টি করেছে। কারণ চীনের একটি প্রতিষ্ঠান বাংলাদেশি কর্মীদের জাহাজে ক্রিট দ্বীপে নিয়ে যায়। এর মধ্যে অন্তত চারজন অস্থায়ী আশ্রয়স্থল ছেড়ে চলে গেছেন। এ প্রসঙ্গে পররাষ্ট্রসচিব বলেন, ‘আমাদের নাগরিকেরা সে দেশে অবস্থান করবেন না, এ ধরনের আশ্বাসের পরিপ্রেক্ষিতেই গ্রিস সরকার আমাদের নাগরিকদের সে দেশে প্রবেশে অনুমতি দেয়। এখন আমাদের লোকজন যদি এভাবে অবস্থান পরিবর্তন করেন, পরবর্তী সময়ে অন্যদের প্রবেশের অনুমতি পাওয়াটা কঠিন হবে। পাশাপাশি যাঁরা এ মুহূর্তে গ্রিসে আছেন, তাঁদের দ্রুত ফিরিয়ে আনতে আমাদের চাপ দেবে সে দেশের সরকার।’