দুই বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ
কুষ্টিয়া ও ঠাকুরগাঁওয়ে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ রোববার লাশগুলো হস্তান্তর করা হয়েছে। তাঁদের মধ্যে কুষ্টিয়ায় আলম হোসেন নিহত হন গত বৃহস্পতিবার ভোরে। আর ঠাকুরগাঁওয়ে গত শুক্রবার রাতে নিহত হন আবদুল খালেক। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে আলম হোসেনের লাশ হস্তান্তর করে বিএসএফ। এ সময় সেখানে পশ্চিমবঙ্গের হোগলবাড়িয়া থানার পুলিশ, বিএসএফের মেঘনা ক্যাম্পের সদস্য, বাংলাদেশের দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহির হোসেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রাগপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার ভোরে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার চরমেঘনা গ্রামে আলম হোসেনকে গ্রামবাসীরা কুপিয়ে হত্যা করে বলে বিএসএফ দাবি করে। প্রাগপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রেজাউল করিম প্রথম আলো ডটকমকে লাশ হস্তান্তরের কথা নিশ্চিত করেছেন। আর, আবদুল খালেকের লাশ আজ রোববার বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মন্ডুমালা সীমান্তে। ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল ইসলাম লাশ হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেছেন। গত শুক্রবার রাতে বিএসএফের সোনামতি ক্যাম্পের সদস্যরা কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আবদুল খালেকের পাঁজরে গুলি লাগে। তিনি ঘটনাস্থলেই মারা যান।