সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদ করা হয়েছে। স্বদেশি এক ব্যক্তিকে হত্যা করে তাঁর মুঠোফোন ও অর্থ লুট করার দায়ে গত মঙ্গলবার তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।বিবৃতিতে বলা হয়, শিরশ্ছেদ হওয়া দুই ব্যক্তির নাম নিজাম মোহাম্মদ আমিন আবদুল শরীফ ও আবদুল মজিদ আবু বকর হামজা। তাঁরা বাংলাদেশি নাগরিক শাহীন মোহাম্মদ কবীরকে হত্যা করেন। শরীফ ও হামজাকে দক্ষিণাঞ্চলের জাজান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সেখানেই বিচারের পর আদালতের রায় কার্যকর করা হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সৌদি আরবের সংবাদ সংস্থা এসপিএ জানায়, শরীফ ও হামজা লাঠি দিয়ে মাথায় আঘাত এবং শ্বাসরোধ করে শাহীনকে হত্যা করেন। এরপর তাঁরা শাহীনের মুঠোফোন ও অর্থ নিয়ে নেন। বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যান অনুযায়ী এই দুজনকে নিয়ে চলতি বছর সৌদি আরবে বিভিন্ন অপরাধে ২৩ জনের শিরশ্ছেদ করা হলো। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টির তথ্যমতে, গত বছর দেশটিতে ৭৯ ব্যক্তির শিরশ্ছেদ করা হয়। এএফপি।