দুই বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সীমান্তে লিটন আলী (৩৫) নামের এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।আজ শুক্রবার সকাল আটটার দিকে লিটন আলীকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর সীমান্তের ১৫৭-১১ (আর) সীমান্ত পিলারের কাছ থেকে আটক করা হয়। তিনি দৌলতপুর উপজেলার আল্লাহর দরগা গ্রামের ইন্নাত আলীর ছেলে।এদিকে গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডারবী সীমান্ত থেকে মশিউর রহমান (৩৫) নামের আরেক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ১৪ বিএসএফ ফুলবাড়ী ক্যাম্পের সদস্যরা তাঁকে আটক করেন। মশিউর হরিপুর উপজেলার বুজরুক গ্রামের রহমত উল্লার ছেলে।লিটনের পরিবারের বরাত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আরমান হোসেন জানান, প্রায় সাত মাস আগে লিটন আলী কাজের সন্ধানে অবৈধভাবে ভারতের কেরালা রাজ্যে যান। আজ সকালে দেশে ফেরার পথে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার সরকারপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল তাঁকে আটক করে।কাজী আরমান আরও জানান, লিটনকে আটকের খবর আজ বেলা ১১টার দিকে চিঠির মাধ্যমে বিএসএফ জানায়। তাঁকে ফেরত চেয়ে রামকৃষ্ণপুর (বিজিবি) বিওপির অধিনায়ক হাবিলদার মওলা বক্স সরকারপাড়া বিএসএফকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন।অপরদিকে ঠাকুরগাঁও ৩০ বিজিবির অপারেশন কর্মকর্তা মেজর কাজী আলমগীর জানান, মশিউরকে আটকের পর বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়। পরে আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে মশিউরকে ফেরত না দিয়ে পশ্চিমবঙ্গের গোয়ালপুকুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে বিএসএফ জানিয়েছে।