দুই বাংলার চিত্রকরদের আর্ট ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন চত্বরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ১৮ জন প্রথিতযশা চিত্রকরকে নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী আর্ট ক্যাম্প। আজ শুক্রবার সকালে এর উদ্বোধন করেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী কাইয়ুম চৌধুরী।উদ্বোধনী চিত্রটি আঁকেন বাংলাদেশের ছয়জন চিত্রকর। প্রথম তুলি ধরেন কাইয়ুম চৌধুরী। তারপর একে একে সমরজিত্ রায় চৌধুরী, রফিকুন নবী, মাহমুদুল হক, ফরিদা জামান ও ইয়াসমিন জাহান তুলির আঁচড় দেন। আর্ট ক্যাম্প শুরুর আগে স্বাগত ভাষণ দেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম। তিনি বলেন, ‘এই আর্ট ক্যাম্প আমাদের দুই দেশের সংস্কৃতিকে আরও দৃঢ় করবে।’প্রধান অতিথির ভাষণে কাইয়ুম চৌধুরী বলেন, সংস্কৃতিই পারে দেশে দেশে বন্ধুত্বের মেলবন্ধন দৃঢ় করতে। পারে সম্প্রীতির বন্ধন শক্তিশালী করতে। রাজনীতি যা পারে না, সংস্কৃতি তা পারে। বক্তব্য দেন ঢাকার বেঙ্গল ফাউন্ডেশনের সুবীর চৌধুরীও। এই আর্ট ক্যাম্পের আয়োজন করে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন। সহযোগিতায় ঢাকার বেঙ্গল ফাউন্ডেশন।এই আর্ট ক্যাম্পে কলকাতার ১১ জন চিত্রকর অংশ নিচ্ছেন। তাঁরা হলেন: সুনীল দাস, শুভাপ্রন্ন, যোগেন চৌধুরী, প্রকাশ কর্মকার, অমিতাভ সেনগুপ্ত, জয়শ্রী চক্রবর্তী, সুখময় মজুমদার, ধীরাজ চৌধুরী, রবীন মণ্ডল, গণেশ হালুই ও জয়া গাঙ্গুলী।