দুই বাংলার ধারাবাহিকে মৌসুমী
লাক্স তারকা মৌসুমী এবার অভিনয় করবেন দুই বাংলার ধারাবাহিকে। নাম রোশনি। নাম-ভূমিকায় অভিনয় করবেন তিনি। আগামী জুলাই মাস থেকে বাংলাদেশের চ্যানেল আই আর ভারতের কলকাতার ইটিভি বাংলায় একই দিনে ও একই সময়ে প্রচারিত হবে ধারাবাহিকটি। রূপক সাহার উপন্যাস থেকে ধারাবাহিকটির চিত্রনাট্য লিখেছেন অরুণ চৌধুরী ও সুদীপ পাল; পরিচালনা করছেন হরনাথ চক্রবর্তী।মৌসুমী বললেন, ‘মাত্র দুই দিন আগে উপন্যাসটি হাতে পেয়েছি। যখনই সময় পাচ্ছি, উপন্যাসটি পড়ছি। ভালো লাগছে।’২১ মে ঢাকায় শুরু হবে ধারাবাহিকটির শুটিং। ঢাকার ১২ জন শিল্পী অংশ নেবেন শুটিংয়ে। এরপর ৩ জুন থেকে শুটিং হবে কলকাতায়। সেখানে অংশ নেবেন ঢাকার ১২ জন এবং কলকাতার ১০ জন শিল্পী।প্রাথমিকভাবে ধারাবাহিকটির এক হাজার পর্ব পর্যন্ত নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।নায়ক চরিত্রে থাকছেন কলকাতার সমুদ্র চৌধুরী। ধারাবাহিকের শিরোনাম গানটিতে কণ্ঠ দিচ্ছেন জেমস ও শান। জানা গেছে, বাংলাদেশের কিছু উল্লেখযোগ্য স্থানে গানটির দৃশ্যায়ন করা হবে। এই একটি মাত্র গানের দৃশ্যায়নের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ১০ দিন। আর তা শুরু হবে ৮ মে। চ্যানেল আই ও ইটিভি বাংলায় নাটকটির প্রচারণায় ব্যবহার করা হবে গানটি। রোশনি ধারাবাহিকের গানের সুরও সংগীত পরিচালনা এবং আবহ সংগীত তৈরি করছেন ভূমি ব্যান্ডের সুরজিৎ।