দুই বাংলার সম্পর্কের আরও উন্নতি চান মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালীঘাটের বাড়িতে তখন সন্ধ্যা নেমেছে। গতকাল শনিবারের সন্ধ্যাটা বোধ হয় একটু অন্য রকম, বিশেষ করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। ৩৪ বছরের বাম শাসন গুঁড়িয়ে দেওয়া এই নায়কের (নায়িকা) মুখোমুখি প্রথম আলো। কিন্তু শর্ত হলো, এখন সাক্ষাৎকার নয়। সামান্য আলাপচারিতায় তিনি বাংলাদেশের প্রতি তাঁর গভীর অনুরাগের কথা বুঝিয়ে দিলেন। দলের শীর্ষস্থানীয় নেতা—যাঁদের প্রায় সবাই সদ্য নির্বাচিত, তাঁদের উপস্থিতিতে এই প্রতিবেদকের সঙ্গে সংক্ষিপ্ত কথা হয় তাঁর।মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘দুই বাংলার বন্ধন তো ভালোই আছে। দুই বাংলার সম্পর্কের আরও উন্নতিই আশা করি।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তাঁর ফোনালাপের কথাও উল্লেখ করেন মমতা। আর হাসিমুখে প্রতিবেশী দেশের সাংবাদিকের প্রতি মমতামাখা সৌজন্য প্রদর্শন করেন। মিষ্টিমুখ করান। ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনাও জানান। তাঁর আলোকচিত্রীকে সেই ছবি তোলার সুযোগও দিলেন। বাইরে তখনো ‘দিদি’ ‘দিদি’ ধ্বনি।বৈশাখের দাবদাহ উপেক্ষা করে গতকাল সকাল থেকেই সর্বস্তরের মানুষের ঢল নামে কালীঘাটে। মমতার পরনে কালো পাড়ের সুতির শাড়ি, পায়ে সাদামাটা স্যান্ডেল। গলায় চিকন সোনার চেইন, কানে ছোট্ট দুটি সোনার দুল। সারা দিন দফায় দফায় বিশিষ্ট নাগরিকদের তিনি অভ্যর্থনা জানিয়েছেন। এরই মধ্যে সময় করে কথা বললেন দলের নীতিনির্ধারকদের সঙ্গে। ফাঁকে ফাঁকে জনতার সঙ্গে চলল সরাসরি কথা বলা, করমর্দন। বাচ্চাদের অটোগ্রাফের আহ্লাদও পূরণ করলেন আনন্দের সঙ্গে। আর এসবের মধ্যে সবচেয়ে অসহায় লেগেছে নিরাপত্তারক্ষীদের। যিনি বিজয়ী বীর—জনতার ‘দিদি’—তাঁকে কোন নিরাপত্তার ঘেরাটোপে আটকে রাখবেন তাঁরা?মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে এসেছেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী হওয়ার সুবাদে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপারে তিনি ওয়াকিবহাল। এবার মুখ্যমন্ত্রী হওয়ায় তাঁকে মন্ত্রিত্ব ও লোকসভার সদস্যপদ ছাড়তে হবে। সাংবিধানিক নিয়ম হলো, মুখ্যমন্ত্রী হওয়ার পরবর্তী ছয় মাসের মধ্যে তিনি বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হবেন। তবে এটা প্রায় নিশ্চিত যে কেন্দ্রীয় রেল মন্ত্রণালয়ের চাবিকাঠি তাঁর হাতছাড়া হবে না। এই মন্ত্রিত্ব দেওয়া হতে পারে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তাঁর দক্ষিণহস্ত বলে পরিচিত মুকুল রায়কে কিংবা অন্য কোনো বিশেষ আস্থাভাজনকে। কংগ্রেস বলেছে, তারা মমতার সরকারকে সর্বাত্মক সহযোগিতা দেবে।বর্তমানে মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের টিকিটে নির্বাচিত ছয়জন প্রতিমন্ত্রী রয়েছেন। সে কারণে পররাষ্ট্রনীতিসংক্রান্ত সামগ্রিক বিষয়ে কথা বলার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিশেষ স্থান থাকবে। রাজ্যের প্রবীণ কংগ্রেস নেতা ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় গতকালই কলকাতায় পৌঁছে মমতার সঙ্গে বৈঠক করেন। আজ রোববার বিকেলে মমতার সভাপতিত্বে বিধানসভার নবনির্বাচিত সদস্যদের বৈঠকে শপথের তারিখ ও স্থান ঠিক হতে পারে।