দুই বাংলার সাহিত্যে নতুন দিকনির্দেশনা দিয়েছেন হুমায়ূন
বাংলাদেশের জনপ্রিয় ঔপন্যাসিক ও নাট্যকার হুমায়ূন আহমেদের মৃত্যুতে কলকাতাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আজ শনিবারও কলকাতার অনেক কাগজেই হুমায়ূন আহমেদের মৃত্যুসংবাদ ছাপা হয়েছে। সংবাদে বলা হয়, এই উপমহাদেশ বাংলা সাহিত্যের এক কিংবদন্তি লেখককে হারাল। বাংলা সাহিত্যের এই ক্ষতি অপূরণীয়। প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘ভাবতেই পারছি না বন্ধু হুমায়ূন আহমেদ আর আমাদের মাঝে নেই। সাহিত্যের সব ক্ষেত্রেই ছিল তাঁর অগাধ পাণ্ডিত্য। বাংলা সাহিত্যের এই ক্ষতি অপূরণীয়।’সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন, ‘হুমায়ূন আহমেদ তাঁর গল্পের বুনট দক্ষতার সঙ্গেই সৃষ্টি করেছেন। সংলাপ রচনায় ছিলেন সিদ্ধহস্ত। আজ আমরা বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভাকে হারালাম।’ সাহিত্যিক সমরেশ মজুমদার বলেছেন, মৃত্যুর কাছে পরাজিত হলেন বাংলা সাহিত্যের এই প্রথিতযশা লেখক। বাংলা সাহিত্যে তাঁর অবদান যুগ যুগ ধরে অমর হয়ে থাকবে। কবি শঙ্খ ঘোষ বলেছেন, দুঃখের কথা। সাহিত্য জগতের তাঁর জায়গাটা শূন্য হয়ে গেল। কবি সুবোধ সরকার বলেছেন, ‘আমি বৃহস্পতিবার রাতেই খবরটা শুনে চমকে উঠি। হুমায়ূন আহমেদ নেই ভাবতেই পারছি না। অপূরণীয় ক্ষতি হয়ে গেল বাংলা সাহিত্যের।’ লেখক শংকর বলেছেন, বাংলা সাহিত্যের জনপ্রিয়তায় হুমায়ূন আহমেদ সব রেকর্ড ভঙ্গ করেছেন। তিনিই দুই দেশের বাংলা সাহিত্যে নতুন দিকনির্দেশনা দিয়েছেন। সাহিত্যিক সূচিত্রা ভট্টাচার্য বলেছেন, বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদ এক বিরল ব্যক্তিত্ব। চিত্রা লাহিড়ী বলেছেন, বাংলা সাহিত্যের এই ক্ষতি পূরণ হওয়ার নয়।হুমায়ূন আহমেদের লেখা ভবিষ্যত্ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে বলে জানিয়েছেন সাহিত্যিক আশীষ সান্যাল।