দুই বাংলার সাহিত্যের হালচাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমীর নতুন ভবনের মূল মিলনায়তনে দেশি-বিদেশি লেখক-পাঠকদের মিলনমেলা। হে সাহিত্য উৎসবের শেষ দিন গতকাল শনিবার এখানে একটির পর একটি অনুষ্ঠান চলেছে। দুপুর ১২টায় শুরু হয় দুই বাংলার কথাসাহিত্যচর্চা নিয়ে আলোচনা পর্ব। ‘দুই বাংলার সাহিত্যের হালচাল’ শীর্ষক এই অধিবেশনে মঞ্চে ছিলেন দেশের প্রখ্যাত লেখক সৈয়দ শামসুল হক ও পশ্চিমবঙ্গের বিশিষ্ট লেখক দেবেশ রায়। সঞ্চালকের দায়িত্বে ছিলেন কবি সাজ্জাদ শরিফ। দুই বাংলার জনপ্রিয় দুই লেখক সাহিত্যচর্চা নিয়ে কী বলবেন, তা জানতে উৎসুক ছিল দর্শক। শুরু থেকেই প্রাণবন্ত ছিল অধিবেশনটি। অধিবেশনে লেখক হাসান আজিজুল হকের থাকার কথা থাকলেও তিনি শেষ পর্যন্ত উপস্থিত হতে পারেননি। আলোচনার শুরুতে কবি সাজ্জাদ শরিফ দুই বাংলার সাহিত্যের বৈশিষ্ট্য তুলে ধরে বিস্তারিত আলোচনার আমন্ত্রণ জানান। দেবেশ রায় বলেন, দুই বাংলার সাহিত্যের মধ্যে ভিন্নতা দেখা যায় অভিজ্ঞতার কারণে। দুই দেশের মধ্যে ঐতিহ্যগত মিল থাকলেও দুই বাংলার অভিজ্ঞতা ও ইতিহাসের বাস্তবতা আলাদা। দেবেশ রায় বলেন, ‘পশ্চিমবঙ্গের লেখক হলেও এ দেশের অনেক লেখকের লেখা আমাদের মুগ্ধ করে। আমরা মুগ্ধ হই, যখন একটি ভালো লেখা পড়ি।’ তাঁর কথায় সমর্থন জানিয়ে সৈয়দ শামসুল হক বলেন, ‘কিশোর বয়সে আমরা বাংলা ভাষার ওপর নির্যাতন আসতে দেখেছি। সেদিন যদি আমরা বাংলা ভাষায় একটি দুর্বল কবিতা লিখেও থাকি, তা হলে সেটিই সফলতম কবিতা।’সৈয়দ শামসুল হক আরও বলেন, ‘বাংলাদেশে ১৯৫২ সালে আমরা ভাষার জন্য আন্দোলন করেছি, ’৬৯-এ গণ-অভ্যুত্থান, ’৭০-এ নির্বাচন, ’৭১-এ স্বাধীনতাযুদ্ধ, ’৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা, সামরিক শাসনসহ বিভিন্ন আন্দোলনের অভিজ্ঞতা আছে আমাদের। তেমনি পশ্চিমবঙ্গেও নকশাল আন্দোলন হয়েছে। এগুলোর প্রভাব আলাদা আলাদা পড়েছে দুই বাংলার সাহিত্যে।’সাজ্জাদ শরিফ দুই বাংলার ভাষার পার্থক্য প্রসঙ্গ উত্থাপন করলে দেবেশ রায় জানান, পশ্চিমবঙ্গের লেখকদের ওপর বাংলাদেশের লেখকের প্রভাব কম। ভাষা নিয়ে তিনি আরও বলেন, ‘বাংলা ভাষার একজন লেখক পৃথিবীর সেরা লেখক হতে পারেন। অনেকে নিজেদের বিদেশি লেখকদের সঙ্গে তুলনা করেন। কিন্তু এ তুলনা অর্থহীন। বাংলা ভাষায় যিনি লিখছেন, তিনিও বিশ্বসাহিত্যের পরিমণ্ডলে রয়েছেন। তিনিও বিশ্বসাহিত্যই লিখছেন। একজন লেখক তাঁর নিজের পরিচয়ে পরিচিত হবেন—এটাই তাঁর সবচেয়ে বড় সম্মান।’ভাষার প্রসঙ্গে সৈয়দ শামসুল হক বলেন, ‘আমাদের এখানে বাংলা ভাষার কিছু কিছু ক্ষেত্রে অর্থগত দিকে একেবারেই আমাদের নিজস্বতা রয়েছে। যেমন “একাত্তর” শব্দটি শোনার সঙ্গে সঙ্গেই মুক্তিযুদ্ধ আমাদের মনে ভেসে ওঠে।’ সবশেষে সাজ্জাদ শরিফ আলোচকদের ধন্যবাদ জানান।আধঘণ্টার এ প্রাণবন্ত আলোচনা বৈচিত্র্য ও বৈভবমণ্ডিত বাংলা সাহিত্যের পরিচয় তুলে ধরার পক্ষে যথেষ্ট ছিল না। শ্রোতারা আগ্রহী ছিল আরও বিস্তারিত আলোচনার জন্য। তবে সময়স্বল্পতার জন্য অধিবেশনের সমাপ্তি টানতে হয়।