দুই বাংলার ৬ সাহিত্যিক পেলেন বিশেষ পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় দুই বাংলার প্রথিতযশা ছয় লেখক-সাহিত্যিককে ‘সুরমা চৌধুরী আন্তর্জাতিক স্মৃতি পুরস্কারে’ ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার কলামন্দিরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।পুরস্কার পাওয়া ছয় সাহিত্যিক হলেন বাংলাদেশের প্রয়াত প্রখ্যাত লেখক আখতারুজ্জামান ইলিয়াস, সেলিনা হোসেন ও ইমদাদুল হক মিলন এবং পশ্চিমবঙ্গের প্রফুল্ল রায়, সুনীল গঙ্গোপাধ্যায় ও সমরেশ মজুমদার। ’খোয়াবনামা’ উপন্যাসের জন্য আখতারুজ্জামান ইলিয়াস, ‘গায়ত্রী সন্ধ্যা’র জন্য সেলিনা হোসেন, ‘নুরজাহান’ উপন্যাসের জন্য ইমদাদুল হক মিলন, ’কেয়াপাতার নৌকা’ উপন্যাসের জন্য প্রফুল্ল রায়, ‘এই সময়’-এর জন্য সুনীল গঙ্গোপাধ্যায় এবং ‘উত্তর কালবেলা’র জন্য সমরেশ মজুমদার পুরস্কার পান।পুরস্কার পাওয়া সাহিত্যিকদের মধ্যে পাঁচজনের হাতে একটি স্বর্ণপদক, মানপত্র ও ১০ লাখ টাকার নগদ অর্থ তুলে দেওয়া হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক রমাপদ চৌধুরী। উপস্থিত ছিলেন আইআইপিএমের কর্ণধার মলয় চৌধুরী। ‘দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট’ বা আইআইপিএম দুই বাংলার শিল্প-সাহিত্যের অবদানের জন্য দুই বছর ধরে ‘সুরমা স্মৃতি আন্তর্জাতিক পুরস্কার’ দিয়ে আসছে। সুরমা চৌধুরী এই প্রতিষ্ঠানের কর্ণধার মলয় চৌধুরীর মা। তাঁরই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই পুরস্কার প্রবর্তন করা হয়। আইআইপিএম কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়াত সাহিত্যিক আখতারুজ্জামানের পাওয়া অর্থ দিয়ে পৃথক একটি তহবিল গড়া হবে। ওই তহবিল থেকে পরবর্তী সময় আখতারুজ্জামান স্মৃতি পুরস্কার প্রবর্তন করারও চিন্তাভাবনা করছে তারা।এ ছাড়াও এই প্রতিষ্ঠানটি দীর্ঘ কয়েক বছর ধরে রবীন্দ্র স্মৃতি পুরস্কার দিয়ে আসছে। ২০১০ সালে ‘গায়েত্রী সন্ধ্যা’র জন্য এই পুরস্কার পেয়েছেন সেলিনা হোসেন।