দুই বাসের প্রতিযোগিতায় দুর্ঘটনা, দীর্ঘ যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে আশুলিয়া বাজারের কাছে দুটি যাত্রীবাহী বাসের ‘ওভারটেক’ প্রতিযোগিতার জের ধরে ঘটা সড়ক দুর্ঘটনায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে আজ মঙ্গলবার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বেলা তিনটা থেকে আশুলিয়া বাজারের কাছে ওই সড়কে উত্তরাঞ্চলগামী যানবাহনের দীর্ঘ লাইন পাঁচ কিলোমিটার এলাকা ছাড়িয়ে গেছে। সাভার ট্রাফিক পুলিশের সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, নবীনগর থেকে আবদুল্লাহপুরগামী দুটি বাস পাল্লা দিয়ে চলছিল। বেলা তিনটার দিকে আশুলিয়া বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা দুটি বাস ও একটি প্রাইভেটকারের সঙ্গে ওই দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এর মধ্যে একটি বাস সড়ক থেকে ছিটকে ৫০ ফুট নিচে খাদে গিয়ে পড়ে। অন্য তিনটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে বিকল হয়ে পড়ে। প্রাইভেটকারটি রাস্তার পাশে একটি ঢালে আটকা পড়ে।দুর্ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে গেছে।