দুই বাসের সংঘর্ষে নিহত ২
কক্সবাজারের চকরিয়া উপজেলার পাগলীরব্রিজ এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। তাঁদের স্থানীয় ডুলাহাজারা খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন: চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উলুবনিয়া গ্রামের মো. ইউসুফ (৫০) ও চন্দনাইশের জিয়াউর রহমানের ছেলে আবুল কালাম (৪)। ঘটনাস্থল থেকে চকরিয়া হাইওয়ে পুলিশের নায়েক উত্পল বড়ুয়া জানান, তিশা পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজার ও শ্যামলী পরিবহনের আরেকটি বাস কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল। ডুলাহাজারার পাগলীরব্রিজ এলাকার সড়কের একটি বাঁক অতিক্রম করতে গিয়ে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত্ কুমার বড়ুয়া জানান, এ ঘটনায় পুলিশ বাস দুটি জব্দ করেছে।