দুই বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত রাখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি শপথ নেওয়া হাইকোর্টের দুই বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও মো. খসরুজ্জামানকে বিচারকাজ থেকে বিরত রাখতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। আজ রোববার দুপুরে সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। খন্দকার মাহবুব হোসেনের দাবি, প্রয়োজনে তাঁদের অন্যত্র ডেপুটেশনে পাঠানো হোক। নতুবা আইনজীবীদের প্রতিবাদের মুখে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায়দায়িত্ব প্রধান বিচারপতিকে নিতে হবে। দুই বিচারপতির শপথ নিয়ে প্রধান বিচারপতির দেওয়া বক্তব্য সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।এ সময় আইনজীবী রফিকুল ইসলাম মিয়া, নিতাই রায় চৌধুরী, জয়নুল আবেদীন, মাহবুবউদ্দিন, সমিতির সহ-সম্পাদক মোরশেদ আল মামুনসহ বিএনপি-সমর্থক আইনজীবীরা উপস্থিত ছিলেন।সমিতির সভাপতি অভিযোগ করেন, ‘আইনজীবী সমিতির সিদ্ধান্তের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা দেখিয়ে তড়িঘড়ি করে দুজনকে শপথ পড়ানো হয়েছে। প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আইনজীবীদের প্রবল প্রতিবাদের মুখে সুপ্রিম কোর্ট অঙ্গনে পুলিশবেষ্টিত হয়ে তিনি শপথ প্রদান করলেন। সুপ্রিম কোর্ট কলঙ্কিত হলো। শপথ প্রদানের পর অতীতের সব ইতিহাসের ব্যতিক্রম ঘটিয়ে তিনি একমাত্র প্রধান বিচারপতি যিনি সংবাদ সম্মেলন করে শপথ প্রদানের সমর্থনে যুক্তি উত্থাপন করে বললেন, ব্যক্তিগত জনপ্রিয়তার দিকে লক্ষ না করে তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। এ বক্তব্যের সঙ্গে আমরা দ্বিমত পোষণ করি।’এর আগে দুই বিচারপতির শপথের প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, আইনজীবী রফিকুল ইসলাম মিয়া ও জয়নুল আবেদীনের নেতৃত্বে সকাল সোয়া ১০টার দিকে সমিতির সভাপতির কক্ষের সামনে থেকে মিছিলটি বের হয়। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ প্রদক্ষিণ করে আইনজীবীরা কিছুক্ষণ দুই বিচারপতির বেঞ্চের (এনেক্স ভবনের ৫ ও ১৩ নম্বর কোর্ট) সামনে অবস্থান নেন।