দুই বিচারপতিকে বিতর্কিত বলল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এজলাসকক্ষে হইচই ও বিশৃঙ্খলার ঘটনায় ১৪ আইনজীবীর বিরুদ্ধে করা মামলা এবং ১৩ আইনজীবীকে পেশা থেকে বিরত থাকতে হাইকোর্টের নির্দেশ নিঃশর্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি।আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা উচ্চ আদালতের দুই বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরকে বিতর্কিত বলে মন্তব্য করেছে বিএনপি।দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর বাণীই এখন বিচারপতিদের বাণীতে পরিণত হয়েছে। অথচ রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিক অঙ্গনে থাকা উচিত ছিল। সরকার তার বক্তব্য আদালতের মাধ্যমে বলছে। এ থেকে বিচারপতিরা সরে না এলে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে।আদালতে বিএনপিপন্থী আইনজীবীদের আচরণ শিষ্টাচারপূর্ণ ছিল কি না, জানতে চাইলে মির্জা ফখরুল বিষয়টি এড়িয়ে যান। নিজের দাবিতে অটুট থেকে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা যেতে পারে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মুফতি আমিনীর মামলার শুনানিকালে খালেদা জিয়ার নাম আসার বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন। এর মধ্য দিয়ে খালেদা জিয়ার দেশপ্রেমের বিষয়ে কটূক্তি করা হয়েছে। রাজনৈতিক বিষয়ে আদালতকে হস্তক্ষেপ না করার আহ্বান জানান মির্জা ফখরুল। সংবিধান ছুড়ে ফেলে দেওয়া হবে বলে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাহার করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া যা বলেছেন, তা ঠিকই বলেছেন। এ বক্তব্য প্রত্যাহার করা হবে না।মির্জা ফখরুল অভিযোগ করেন, ক্ষমতাসীন সরকার সারা দেশে হাট, ঘাট, মাঠ, বন্দর প্রতিষ্ঠান দখল করে এখন আদালতকেও দখল করতে সেখানে দলীয় লোকদের ঢোকানো হচ্ছে। তিনি বলেন, বিচারকদের রায় দিয়ে যেমন সত্যকে বিকৃত করা যায় না, ঠিক তেমনি দলীয় বিচারকদের আদেশে একজন ব্যক্তির দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা যায় না।সংবাদ সম্মেলনে ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, রুহুল কবীর রিজভী, কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।