দুই বিচারপতিকে বিরত রাখতে কাদের মোল্লার আবেদন খারিজ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে কাদের মোল্লার দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি থেকে সুপ্রিম কোর্টের দুই বিচারপতিকে বিরত রাখার আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।আজ মঙ্গলবার সকাল ১০টায় প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। বেঞ্চের অপর তিন বিচারপতি হলেন: বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলো ডটকমকে বলেন, দুই বিচারপতিকে আপিল শুনানি থেকে বিরত রাখার আবেদন করা হয়েছিল। বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বিষয়ে করা ওই আবেদন আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন। ফলে ছয় বিচারপতি ওই আপিলের ওপর শুনানি গ্রহণ করবেন বলে জানান অ্যাটর্নি জেনারেল।মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর ১ এপ্রিল শুনানি শুরু হয়। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ আপিলের ওপর শুনানি গ্রহণ করছিলেন।শুনানির পর্যায়ে তাঁদের মধ্যে দুই বিচারপতিকে শুনানি থেকে বিরত রাখার জন্য জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার করা দুটি আবেদন ৪ এপ্রিল আদালতে দাখিল করা হয়। আদালত বলেন, দাখিল করা আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ নিয়ে কোনো সংবাদ প্রকাশ বা প্রচার করা যাবে না। একই দিন রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ট্রাইব্যুনালের দেওয়া রায়ের ২৩০ অনুচ্ছেদ থেকে ৩৪৪ পর্যন্ত পড়ে শোনান। পরে ৭ এপ্রিল ওই আবেদনের ওপর শুনানি হয়।তবে হরতালে আবেদনকারীপক্ষের আইনজীবী না থাকায় ওই আবেদনের ওপর শুনানি হয়নি। গতকাল সোমবার আবেদনের ওপর শুনানি গ্রহণ করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ। কাদের মোল্লার দাখিল করা দুটি আবেদনের পক্ষে খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অন্য একটি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও কাদের মোল্লা আপিল করেন।