দুই বিচারপতিকে শপথ না পড়ালে প্রধান বিচারপতির শপথ ভঙ্গ হবে: সুরঞ্জিত
হাইকোর্টে সদ্য নিয়োগপ্রাপ্ত ১৭ জন অতিরিক্ত বিচারপতির মধ্যে বাকি দুই জনের (রুহুল কুদ্দুস ও মো. খসরুজ্জামান) শপথ না পড়ালে প্রধান বিচারপতির নিজের শপথই ভঙ্গ হবে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।আজ বুধবার দুপুরে সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এমনটা দাবি করে সুরঞ্জিত বলেন, সংবিধানের ১৪৮ ধারা অনুসারে রাষ্ট্রপতির অনুমোদনের পর ১৭ জন বিচারপতিকেই শপথ পড়ানো তাঁর (প্রধান বিচারপতির) সাংবিধানিক দায়িত্ব। প্রধান বিচারপতির শপথ পাঠ করানো ছাড়া আর কোনো বিকল্প নেই।প্রসঙ্গত, গত ১১ এপ্রিল রাষ্ট্রপতি জিল্লুর রহমান শপথ নেওয়ার দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে ১৭ জনকে নিয়োগ দেন। তাঁদের মধ্যে রুহুল কুদ্দুস ও মো. খসরুজ্জামান ছাড়া বাকি ১৫ জনকে গত রোববার সকালে শপথবাক্য পড়ান প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম। এ পরিস্থিতিতে সংবিধান, ঐতিহ্য ও প্রথাকে সমুন্নত রেখে প্রধান বিচারপতি সৃষ্ট সমস্যার সমাধান করবেন বলে আশাবাদ ব্যক্ত করে সুরঞ্জিত বলেন, এখানে রাজনীতি না টেনে এনে সংবিধান অনুসারে তিনি তাঁদের শপথবাক্য পাঠ করাতে পারেন।