দুই বিদ্যুৎকেন্দ্রই বেহাল দশায়, দীর্ঘদিন ধরে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেহাল দশায় খুলনার দুটি বিদ্যুৎকেন্দ্র। প্রায় চার বছর ধরে বন্ধ আছে ৬০ মেগাওয়াট উৎপাদন-ক্ষমতার কেন্দ্রটি। আর ১১০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ এক বছর।ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুসারে ৬০ মেগাওয়াটের কেন্দ্রের সংস্কারকাজ ২০০৮ সালের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। পরে আরও দুবার সময় বাড়ানো হলে তাও আট মাস আগেই অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত কাজ শেষ হয়নি।১১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি গত বছরের মার্চ থেকে বন্ধ। বর্তমানে এর মেরামতকাজ চলছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বলছে, এ বছরই দুটি বিদ্যুৎকেন্দ্র চালু হবে। তবে বিভিন্ন সূত্রে জানা যায়, কাজে বিলম্বের সঙ্গে পিডিবির কিছু কর্মকর্তার দুর্নীতি ও ঠিকাদারদের যোগসাজশ আছে।৬০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি ২০০৬ সালের ৭ জুলাই বন্ধ করে দেওয়া হয়। সংস্কার ও কিছু যন্ত্রপাতি নবায়নের (ওভারহোলিং) জন্য ২০০৭ সালের ২৯ নভেম্বর মূল কোম্পানি চেক রিপাবলিকের স্কোডা এক্সপোর্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয় পিডিবি। মূল কোম্পানির স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করে এসবিএস ইন্টারন্যাশনাল। কোম্পানির সঙ্গে চুক্তি ছিল, মেশিনপত্র খুলে পাঠানোর জন্য যেদিন ঋণপত্র খোলা হবে, তার ১৫০ দিনের মধ্যে কাজ শেষ হতে হবে। ৬০ মেগাওয়াটের ‘রটর মেশিন’টি খোলা হয় ২০০৮ সালের ১৫ মে। কিন্তু ২০০৯ সালের জুন পর্যন্ত তা সংস্কার শেষে দেশে ফিরে আসেনি। এ সময়ে পিডিবির একটি বিশেষজ্ঞ দল কাজ দেখার জন্য চেক প্রজাতন্ত্রে গেলে তাদেরও মেশিনটি দেখানো হয়নি। বলা হয়েছে, মেশিন জাহাজে উঠিয়ে দেওয়া হয়েছে।পিডিবির একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, রটর মেশিন আসলে চেক প্রজাতন্ত্রে নিয়ে যাওয়া হয়নি। এ ধরনের একটি মেশিন ভারতে পড়ে ছিল, বাংলাদেশেরটি সেখানে নিয়ে গিয়ে এর পরিবর্তে পড়ে থাকাটি পাঠানো হয়েছে। ২০০৯ সালের ২২ আগস্ট মেশিনটি খুলনায় আসে। কিন্তু এখন পর্যন্ত তা প্রতিস্থাপন ও পরীক্ষার কাজ শেষ হয়নি।তবে এসবিএস ইন্টারন্যাশনাল থেকে বলা হচ্ছে, চলতি মাসেই বিদ্যুৎকেন্দ্রটি চালু হবে। আর তাদের বিরুদ্ধে আনা অভিযোগও সত্য নয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শহীদ সুলতানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বয়স অনেক বেড়ে যাওয়ায় সংবেদনশীলতার সঙ্গে কাজ করা হচ্ছে। তা ছাড়া মেশিন পরীক্ষা করতে পাঠানোর পর কাজ আরও বেড়ে গিয়েছিল। তিনি আরও বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পিডিবিও দেরি করে। তাদের সিদ্ধান্ত পাওয়ার পর অকেজো অংশগুলো নতুন করে বানাতে হয়েছে। ফলে বিলম্বের কারণ শুধু তারা—এ তথ্য সঠিক নয়।খুলনা ১১০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রটি ১৯৮৪ সালের ৭ জুলাই চালু হয়। এ পর্যন্ত চারবার মেশিনপত্র খুলে তা আবার সংস্কার করে বিদ্যুৎকেন্দ্রটি চালু রাখা হয়। গত এক বছর এই কেন্দ্রটিও বন্ধ। জানা গেছে, স্থানীয় দরপত্রের মাধ্যমে বেশ কিছু যন্ত্রপাতি ইতিমধ্যে কেনা হয়ে গেছে। পিডিবি সূত্র জানায়, ১১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের দুটো টিউব নষ্ট হয়ে গেছে। এগুলো ইতিমধ্যে সংগ্রহ হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান বর্তমানে অকেজো যন্ত্র দুটো খুলে সংগ্রহ করা নতুন টিউব দুটি লাগিয়ে দেবে। এ কাজে এরই মধ্যে লেভান্ট ইন্ডাস্ট্রিজের সঙ্গে গত ৭ ফেব্রুয়ারি চুক্তি করা হয়েছে। চুক্তির ৯০ দিনের মধ্যে ঠিকাদারকে তাঁর কাজ শেষ করতে হবে। তবে চুক্তি হওয়ার আগেই গত ২৮ জানুয়ারি প্রতিষ্ঠানটি কাজ শুরু করেছে বলে জানা গেছে।দুটি বিদ্যুৎকেন্দ্রের হালনাগাদ পরিস্থিতি নিয়ে ব্যবস্থাপক কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ৬০ মেগাওয়াট নিয়ে চুক্তি হওয়ার সময় যে পরিমাণ কাজের কথা চিন্তা করা হয়েছিল, পরবর্তী সময়ে কাজ আরও বেড়ে যায়। এতে সময় বেড়ে যায়। তবে চুক্তির নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ বুঝিয়ে দিতে না পারলে মোট চুক্তির ১০ শতাংশ অর্থ জরিমানা হিসেবে দেওয়ার শর্ত জুড়ে দেওয়া আছে। তাদের বিলম্বের কারণে এ জরিমানা দিতে হবে।১১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নিয়ে তিনি বলেন, এই বিদ্যুৎকেন্দ্র বর্তমানে ভালো অবস্থায় আছে। অকেজো যন্ত্রপাতি পরিবর্তনের জন্য মালামাল ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। চুক্তি অনুযায়ী ঠিকাদার কাজ শেষ করলে এ বছরই কেন্দ্রটি চালু হবে।