দুই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত, বহিষ্কার ২
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। এ ছাড়া কৃষি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ দুই নেতাকে সংগঠন থেকেও বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল আজ শনিবার বিকেলে প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সামসুদ্দিন আল আজাদ এবং সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ইমনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে এক শিশু নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।