দুই ব্যক্তির লাশ উদ্ধার, ওসি প্রত্যাহার
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একটি পাটখেত থেকে আজ মঙ্গলবার সকালে মশিয়ার রহমান (৪৫) ও হাফিজুর রহমান (৩৬) নামের দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের মুখমণ্ডল ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত-বিক্ষত ছিল। তাঁরা দুজনই গরু ও মাদকদ্রব্য চোরাচালান এবং ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।সাতক্ষীরা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল ছয়টার দিকে কলারোয়ার রঘুনাথপুর গ্রামের ইউনুস আলী ও তাঁর স্ত্রী শাহনাজ পারভিন তাঁদের বাড়ির সামনের একটি পাটের খেতে ওই দুজনের লাশ দেখতে পান। তাঁরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনার পর কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লাকে সাতক্ষীরায় প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।মশিয়ার রহমানের ছেলে বাবলু রহমানের ভাষ্যমতে, গতকাল সোমবার সকালে স্ত্রীর জন্য ওষুধ কেনার উদ্দেশে বাড়ি থেকে বের হন মশিয়ার। এরপর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে খবর পেয়ে কলারোয়া থানায় গিয়ে মশিয়ার ও তাঁর বন্ধু হাফিজুরের লাশ শনাক্ত করেন তিনি। এ ব্যাপারে বাবলু বাদী হয়ে থানায় মামলা করেছেন।