আমতলীতে ব্র্যাকের কৃষি পুনর্বাসন প্রকল্প
দুই ব্যবস্থাপকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
বরগুনার আমতলীতে বেসরকারি সংস্থা ব্র্যাকের কৃষি পুনর্বাসন কর্মসূচি প্রকল্প বাস্তবায়নে ব্যবস্থাপক কামরুজ্জামান ও বাবুল চন্দ্র ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।ঘূর্ণিঝড় সিডরের পর বরগুনার আমতলী উপজেলায় ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ব্র্যাক ‘এসিপি’ ও ‘সিআইপি’ নামে দুটি কৃষি পুনর্বাসন প্রকল্প চালু করে।ব্র্যাক সূত্রে জানা গেছে, এসিপি প্রকল্পে চারজন খেতমজুরের সমন্বয়ে একটি দল করে উপজেলায় মোট পাঁচটি দল করা হয়। এদের জন্য পাঁচটি পাওয়ারটিলার ক্রয় করা হয়। প্রতিটি দলের জন্য সহজ শর্তে এক লাখ টাকা করে ঋণ দেওয়া হয়। জমি চাষাবাদ বাবদ একরপ্রতি জ্বালানি খরচ ও মজুরি হিসেবে দুই হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।আর সিআইপি প্রকল্পের অধীনে ৫৮৭ জন কৃষককে ৪৪৩ একর জমি চাষাবাদে তিন কিস্তিতে সার, বীজ, কীটনাশক ও সেচ বাবদ একরপ্রতি নয় হাজার ৮০০ টাকা করে দেওয়া হয়।ক্ষতিগ্রস্ত কৃষকেরা অভিযোগ করেন, এসিপি ব্যবস্থাপক কামরুজ্জামান এবং সিআইপি ব্যবস্থাপক বাবুল চন্দ্র যোগসাজশ করে এসিপি প্রকল্পের খেতমজুরদের দিয়ে সিআইপি প্রকল্পের জমি চাষ করান। এভাবে সিআইপি প্রকল্পের কৃষকেরা জমি চাষ ও সেচ খরচ বাবদ প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হয়েছেন। এ ছাড়া কৃষি উপকরণ ক্রয় বাবদ নগদ অর্থ না দিয়ে আমতলীর হাসপাতাল রোডের সার ডিলার হারুন অর রশিদের কাছ থেকে সার, বীজ, কীটনাশক নিতে ব্যবস্থাপক বাবুল চন্দ্র তাঁদের বাধ্য করেন। ওই ডিলার ইউরিয়া সার কেজিপ্রতি এক টাকা এবং ধানের বীজ কেজিপ্রতি ৩০ টাকা করে বেশি নেন। তাঁরা ওই দুই ব্যবস্থাপকের বিরুদ্ধে ব্র্যাকের কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগে লিখিত অভিযোগ করেছেন।চাওড়া ইউনিয়নের কাউনিয়া গ্রামের কৃষক আ. মন্নান বলেন, ‘আমার গ্রুপ ৮৪ একর জমি চাষ করে একরপ্রতি এক হাজার ৩০০ টাকা পেয়েছে।’ ঘটখালী গ্রামের দেলোয়ার হোসেন জানান, তাঁর দল ৯৬ একর জমি চাষ করে এক লাখ ৯২ হাজার টাকা পাওয়ার কথা কিন্তু তাঁরা পেয়েছেন এক লাখ ২৪ হাজার টাকা। চালিতাবুনিয়া গ্রামের মিজানুর রহমান জানান, ম্যানেজার কামরুজ্জামান তাঁদের বলেছেন, ৭০০ টাকা ব্র্যাকের সিকিউরিটি তহবিলে জমা রাখা হয়েছে।তবে সার ডিলার হারুন অর রশিদ অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ অস্বীকার করলেও তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রকল্পভুক্ত কৃষি উপকরণ বিক্রয়ের কথা স্বীকার করেছেন।এ ব্যাপারে এসিপি ব্যবস্থাপক (পিরোজপুরের কাউখালীতে বদলি) কামরুজ্জামান বলেন, ‘আমি এসিপি প্রকল্পের ম্যানেজার হিসেবে পাওয়ারটিলার ক্রয়ের জন্য কৃষকদের ঋণ দিয়েছি। কিস্তি আদায় করেছি। পাওয়ারটিলার চালানোর তেল খরচ ও মজুরি বাবদ দুই হাজার টাকা দিতে হবে, এমন কিছু আমার জানা ছিল না।’সিআইপি ব্যবস্থাপক বাবুল চন্দ্র বলেন, ‘কৃষি পুনর্বাসনের ত্রাণের টাকা কৃষকের হাতে দিয়েছি। আমরা শুধু উপকরণ ক্রয়ে মনিটরিং করেছি।’ বর্তমানে আমতলীতে দায়িত্বরত এসিপি প্রকল্পের ব্যবস্থাপক আ. রহিম বলেন, সিকিউরিটি তহবিল’ নামে ব্র্যাকের কোনো তহবিল নেই। প্রকল্পে খেতমজুরদের জমি চাষাবাদ খরচ বাবদ একরপ্রতি দুই হাজার টাকা দেওয়ার বিধান রয়েছে।এ ব্যাপারে ব্র্যাকের বরগুনা এরিয়া ম্যানেজার আব্বাস উদ্দিন বলেন, ব্র্যাকের কৃষি পুনর্বাসনে এ বছর আউশ ধানের জমি চাষাবাদে একরপ্রতি দুই হাজার, সেচ বাবদ দুই হাজার, সার ক্রয় বাবদ তিন হাজার, বীজ ক্রয়ে এক হাজার ৪০০ টাকা এবং কীটনাশক ক্রয়ে এক হাজার ৪০০ টাকা করে মোট নয় হাজার ৮০০ টাকা দেওয়ার বিধান ছিল। এ নিয়ে কোনো অনিয়ম হয়ে থাকলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।