দুই বড় দলই অংশ নিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন সংশোধনের পর ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। ডিসেম্বরের মাঝামাঝি পৌরসভা এবং জানুয়ারিতে ইউপি নির্বাচনের প্রস্তুতি চলছে। স্থানীয় সরকার নির্বাচন অরাজনৈতিক হলেও বড় দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি এতে অংশ নিচ্ছে।নির্বাচন কমিশন ইতিমধ্যে পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র ছাপার কাজ শেষ করেছে। আগামী সপ্তাহে ইউপি নির্বাচনের জন্য মনোনয়নপত্র ছাপা শুরু হবে। ইউনিয়ন ও পৌরসভাভিত্তিক ভোটার তালিকা ছাপার কাজ ১৫ অক্টোবরের মধ্যে শেষ হবে। ভোটকেন্দ্রের খসড়া তালিকা গত সপ্তাহে চূড়ান্ত করা হয়েছে।প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এ দুটো নির্বাচনে একক প্রার্থী দিতে দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন। বুধবার রাতে আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। এরপর সারা দেশে দলীয় নেতা-কর্মীদের মধ্যে এ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা প্রাথমিক প্রস্তুতি নিচ্ছেন। গণসংযোগও শুরু করেছেন অনেকে। তবে আওয়ামী লীগ দলীয়ভাবে একক প্রার্থী দিলে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টিও দলীয় প্রার্থী ঠিক করবে বলে জানা গেছে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, পৌরসভা ও ইউপি নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে প্রার্থী ঠিক করবে। দলীয় প্রতীকে এ নির্বাচন না হলেও অঘোষিতভাবে দলীয় প্রার্থী হিসেবে একজন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত জাতীয় পার্টি অপেক্ষা করবে। তবে আওয়ামী লীগ দলীয়ভাবে একক প্রার্থী দিলে জাতীয় পার্টিও তা-ই করবে।আর প্রধান বিরোধী দল বিএনপি জোটগতভাবে প্রার্থী ঠিক করবে। ২১ সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। বিএনপির নেতারা বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জয়ের পর পৌরসভা ও ইউপি নির্বাচনেও বিএনপি জিতবে বলে তাঁরা আশাবাদী হয়ে উঠেছেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, চট্টগ্রামে জয়লাভের পর স্থানীয় নির্বাচনগুলোতে দলীয় নেতাদের অংশগ্রহণের ব্যাপারে উৎসাহ দেখা দিয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর এ ব্যাপারে দলীয় ফোরামে সবকিছু চূড়ান্ত করা হবে। তবে বিএনপি জোটগতভাবেই এ ক্ষেত্রে কাজ করবে।জানতে চাইলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলগতভাবে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে এবার এ নির্বাচনকে রাজনৈতিক করা হলে বিএনপি সেভাবে কাজ করবে। তিনি বলেন, আপাতত বিএনপি এই নির্বাচনগুলোতে সংশ্লিষ্ট এলাকার জনপ্রিয় ব্যক্তিকে দলীয় সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।কয়েকজন নেতা জানান, স্থানীয় নির্বাচনে বিএনপির তৃণমূল নেতাদের কাজ করতে বলা হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে তথ্য সংগ্রহের কাজও করছে তৃণমূল।স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেন, খালেদা জিয়ার নির্দেশ আছে, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করে আনার। সে লক্ষ্য নিয়েই কাজ চলছে। ফলে স্থানীয় সরকার নির্বাচন কাগজপত্রে অরাজনৈতিক হলেও প্রধান দুই দল দলীয় প্রার্থী নিয়ে মাঠে নামবে। এর আগেও এসব স্থানীয় নির্বাচনে সব রাজনৈতিক দল কৌশলে প্রার্থী দিয়েছিল।প্রস্তুতি: সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী মাসের প্রথম সপ্তাহে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। মধ্য ডিসেম্বরে মেয়াদোত্তীর্ণ ২৫০টি পৌরসভায় ভোট গ্রহণ হবে। আর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে মধ্য ডিসেম্বরে। ভোট গ্রহণ মধ্য জানুয়ারিতে। মোট ইউনিয়ন পরিষদ চার হাজার ৫০৪টি। এবার ভোট হবে চার হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে।দুই নির্বাচনের জন্য ৪৫ হাজার ৪০টি ভোটকেন্দ্রের খসড়া তালিকা চূড়ান্ত করা হয়েছে। চলতি মাসের মধ্যেই এসব কেন্দ্রের গেজেট ছাপা হবে।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আসন্ন ঈদ, এসএসসি পরীক্ষা, হজ, স্কুলে বার্ষিক পরীক্ষার সময় বিবেচনায় নিয়ে নির্বাচনের সময় নির্ধারণ করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার কমিশনের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার সভাপতিত্বে সভায় দুই নির্বাচন কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিধিমালা: এবারই প্রথম পৌরসভা ও ইউপি নির্বাচনের জন্য আলাদা দুটি বিধিমালা করা হয়েছে।এবার ইউপি নির্বাচনে প্রার্থীদের ব্যয়সীমা বেঁধে দেওয়া হয়েছে। চেয়ারম্যান পদপ্রার্থীরা সর্বোচ্চ পাঁচ লাখ এবং সদস্যরা এক লাখ টাকা ব্যয় করতে পারবেন। আগে কোনো ব্যয়সীমা ছিল না। পাশাপাশি প্রত্যেক চেয়ারম্যান প্রার্থীকে ব্যাংক হিসাব খোলা, ব্যাংক হিসাবের মাধ্যমে খরচ করা এবং নির্বাচন অনুষ্ঠানের ৩০ দিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যয়ের হিসাব জমা দিতে হবে।পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থীরা সর্বোচ্চ পাঁচ লাখ এবং কাউন্সিলররা এক লাখ টাকা ব্যয় করতে পারবেন। দুটি নির্বাচনেই কোনো প্রার্থী রাজনৈতিক দলের নাম-পরিচয় ব্যবহার করতে পারবেন না। নির্বাচনী প্রচারে বা পোস্টারে প্রার্থীর ছবি ছাড়া অন্য কারও ছবিও ব্যবহার করা যাবে না। ইউপি নির্বাচনে কোনো প্রার্থী জনসভা বা শোভাযাত্রা করতে পারবেন না। তবে পথসভা করতে পারবেন। প্রত্যেক চেয়ারম্যান পদপ্রার্থী প্রতি ওয়ার্ডে একটি করে এবং মেম্বার পদপ্রার্থী একটি নির্বাচনী অফিস খুলতে পারবেন।এ ছাড়া পোস্টার হতে হবে সাদাকালো। পোস্টারের নিচে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, পোস্টারের সংখ্যা ও ছাপানোর তারিখ উল্লেখ থাকতে হবে। মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী বা সমমর্যাদার কোনো ব্যক্তি তফসিল ঘোষণার পর নির্বাচনী এলাকায় যেতে পারবেন না।নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের অধিকাংশের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। দ্রুততম সময়ের মধ্যে এসব নির্বাচন শেষ করার প্রস্তুতি চলছে। তিনি জানান, প্রার্থীরা এ নির্বাচনে বিধিমালা যথাযথভাবে অনুসরণ করছেন কি না, তা পর্যবেক্ষণে কমিশনের নিজস্ব দল কাজ করবে। বিধিমালা লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল ও সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।