দুই ভদ্র মহিলার সংলাপ দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের স্বার্থ বিবেচনা করে চলমান রাজনৈতিক সংকট নিরসনে দুই নেত্রীর সংলাপে বসা প্রয়োজন। তা না করলে এ দুই দলের বাইরে নতুন ধারার রাজনীতি সৃষ্টির সময় এসেছে বলে মনে করছে নাগরিক সমাজ। আজ শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নাগরিক সমাবেশে এসব কথা বলা হয়। সমাবেশে নাগরিকদের অধিকার আদায়ের লক্ষ্যে মাঠে কাজ করার জন্য ‘নাগরিক ঐক্য’ নামে একটি সংগঠনের ঘোষণা দেওয়া হয়।নাগরিক আন্দোলনের নেতা মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে সমাবেশে বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক প্রধান অতিথির বক্তব্য দেন। অন্যদের মধ্যে সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ বক্তব্য দেন।রফিক-উল হক বলেন, ‘আমরা ভীষণ রাজনৈতিক সংকটে আছি। এ সংকটের সমাধানে দুই ভদ্র মহিলার (শেখ হাসিনা ও খালেদা জিয়া) সংলাপ দরকার।’দুই নেত্রীর পরস্পর বিমুখ অবস্থানের সমালোচনা করে রফিক-উল হক বলেন, গ্রামের লোকদের গিয়ে জিজ্ঞেস করুন, তাঁরা বলছেন দুই নেত্রীর কাউকেই চাই না। মানুষ চায় সত্ লোক; যাঁর গায়ে কোনো গন্ধ নেই। এ সময়ে এমন লোককে নির্বাচন করতে পারলে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল। না হয় পরিস্থিতি আরও নিচের দিকে নামবে।সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ওনারা দুজন বসবেন, যদি নিজেদের স্বার্থে মিলে, বাইরে থেকে ভীষণ চাপ পড়ে, না হয় আমরা যদি চাপ দিতে পারি।’ রফিক-উল হককে উদ্দেশ করে মান্না বলেন, ‘দুই নেত্রীকে বসাতে যদি আপনি আমরণ অনশন করেন, আর সে অনশনে যদি ৫০ লাখ লোক আনতে পারেন; তাহলে তাঁরা দৌড়ে আপনার কাছে আসবেন।’মাহমুদুর রহমান বলেন, কেবল গ্রামের মানুষ নয়, ঢাকা শহরের মানুষও তাঁদের কার্যকলাপে বিরক্ত। তাঁরা যদি কথা না শোনেন, তাহলে ‘এ’ ও ‘বি’র পর তো ‘সি’, ‘ডি’ আছেই। আমরা ন্যায্য অধিকারের জন্য লড়াই করছি, এর পরিণতি আমাদের যেখানে নিয়ে যাবে; আমরা সেখানেই যাব।আসিফ নজরুল বলেন, যে সরকার যত বেশি অত্যাচারী, স্বেচ্ছাচারী ও দুর্নীতিবাজ; সে সরকার বেশি অপছন্দ করে স্বাধীন নাগরিক ও সংবাদপত্রকে। আমরা স্বাধীন নাগরিকের অধিকার বোধ থেকে এখানে দাঁড়িয়েছি। সমাবেশে সুপ্রিম কোর্টের আইনজীবী তুহিন মালিক এবং ১৯৭৩ সালের নির্বাচনে জয়ী স্বতন্ত্র সাংসদ আবদুল্লাহ সরকার বক্তব্য রাখেন। ঘোষণাপত্র পাঠ করেন মুক্তিযোদ্ধা হামদে রাব্বী।