দুই ভাইবোন ঘুম থেকে উঠে দেখে বাবা-মায়ের লাশ!
১১ বছর বয়সী মেয়ে মুক্তার কান্না কেউ থামাতে পারছে না। আর ছয় বছরের ছেলে জিহাদ হতবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে উপস্থিত লোকজনকে। শিশু দুটি জানে না তাদের ভবিষ্যৎ। জানে না বাবা-মা ছাড়া তারা কীভাবে, কী নিয়ে বাঁচবে। গতকাল মঙ্গলবার সকালে তারা ঘুম থেকে উঠে দেখে বারান্দায় তাদের মা সোনিয়া আক্তারের (২৮) রক্তাক্ত মৃতদেহ। আর পাশের ঘরে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলছে বাবা ইজাজুল হকের (৩৫) লাশ। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ শহরের আরাবপুর পুকুরপাড় এলাকায়।লাশের সুরতহাল প্রস্তুতকারী সদর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, ‘অন্য কেউ স্বামী-স্ত্রীকে হত্যা করেছে এমন কোনো আলামত পাইনি। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার পর ইজাজুল আত্মহত্যা করেছেন।’ ইজাজুলের ভায়রা বেলাল হোসেন জানান, ইজাজুল ও সোনিয়ার বিয়ে হয়েছে প্রায় ১৪ বছর। বিয়ের পর থেকে তাঁরা আরাবপুর পুকুরপাড়ে দুটি ঝুপড়ি ঘরে ভাড়া থাকতেন। বিভিন্ন কারণে তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয়ে গোলমাল হতো। প্রতিবেশীরা জানান, ইজাজুল মাছের ব্যবসা করে অতিকষ্টে সংসার চালাতেন। তাঁদের বড় মেয়ে মুক্তা শহরের মসিউর রহমান বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আর ছেলে জিহাদ আরাবপুর প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণীতে ভর্তি হয়েছে। যে কারণে তাঁদের সংসারে খরচও বাড়ে। প্রতিবেশীরা জানান, অভাব মেটাতে সম্প্রতি সোনিয়া রাউতাইল এলাকায় একটি তামাক কারখানায় কাজ নেন। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ আরও বাড়ে। কারণ, ইজাজুল চাইতেন না সোনিয়া দূরে কোথাও গিয়ে চাকরি করুক। প্রতিবেশী তৈয়বুর রহমান জানান, গতকাল সকালে লোকজন বারান্দায় সোনিয়ার লাশ দেখে এগিয়ে যান। এরপর দেখতে পান ঘরের ভেতরে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ইজাজুলের লাশ ঝুলছে। এ সময় পাশের কক্ষে দুই সন্তান শুয়ে ছিল।খবর পেয়ে সদর থানার পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। বেলাল হোসেন জানান, ইজাজুলের কোনো জায়গা-জমি নেই। মাছের ব্যবসার ওপর চলত তাঁদের সংসার। এখন বাচ্চা দুটির কী হবে। তাদের চোখের দিকে তাকালে মন খারাপ হয়ে যায়। পুলিশ সুপার রেজাউল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণেই এই ঘটনা ঘটেছে। তবুও ঘটনার তদন্ত চলছে।