দুই মন্ত্রী এখনো দপ্তরবিহীন
নবনিযুক্ত দুই মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ও ওবায়দুল কাদের এখনো দপ্তর পাননি। সরকারের শীর্ষ পর্যায়ে তাঁদের দপ্তর নিয়ে এখনো চিন্তাভাবনা হচ্ছে বলে জানা গেছে।দপ্তর দেওয়া নিয়ে তৈরি আইনি জটিলতা নিরসনেরও উপায় খোঁজা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ ডিসেম্বর মিয়ানমার সফরের আগেই দপ্তর সম্পর্কে সিদ্ধান্ত দিতে পারেন।সূত্র জানায়, আইনমন্ত্রী শফিক আহমেদ এবং প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিস্তারিত জানিয়েছেন। আইন মন্ত্রণালয় থেকে সংসদবিষয়ক বিভাগ আলাদা করে নতুন মন্ত্রণালয় গঠনের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ সম্পর্কেও সরকারের শীর্ষপর্যায়ে আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত সুরঞ্জিত সেনগুপ্তকে সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বই দেওয়া হতে পারে।কয়েকটি নির্ভরযোগ্য সূত্রমতে, মন্ত্রী ওবায়দুল কাদেরকেও এখন পর্যন্ত তথ্য মন্ত্রণালয় দেওয়ার ব্যাপারেই আলোচনা আছে। তবে ওই মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী আবুল কালাম আজাদও এই দায়িত্বই পালন করতে চান বলে জানা গেছে।গত ২৮ নভেম্বর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এবং সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের মন্ত্রী হিসেবে শপথ নেন।সূত্র জানায়, চার দিন আগে দুজন মন্ত্রী হিসেবে শপথ নিলেও শিগগিরই মন্ত্রিসভায় পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। বেশ কয়েকজন পূর্ণমন্ত্রী বাদ পড়তে পারেন। আবার কয়েকজন মন্ত্রী হিসেবে নতুন যোগ দেবেন। কারও কারও দপ্তর পরিবর্তন হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছেন বলে জানা গেছে। যেসব মন্ত্রীকে নিয়ে বিতর্ক আছে এবং যাঁদের কার্যক্রম সন্তোষজনক নয়, তাঁরা বাদ পড়তে পারেন।