দুই মন্ত্রী কথা বললেই জিনিসপত্রের দাম বাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সরকারের কয়েকজন মন্ত্রীর কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করা হয়েছে। এ ছাড়া যুবলীগের যেসব নেতার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।আজ শনিবার বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে যুবলীগের বৈঠকে এ ক্ষোভ প্রকাশ করা হয়।তিন মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ: বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগ দাবি করা হয়। বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাককে কথা কম বলার পরামর্শ দিয়ে বৈঠকে বলা হয়, এই দুই মন্ত্রী কথা বললেই জিনিস-পত্রের দাম বাড়ে।সূত্র জানায়, বৈঠকে যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী ও ফারুক হোসেন বলেন, অর্থমন্ত্রী শেয়ারবাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। তদন্ত প্রতিবেদনে দায়ী ব্যক্তিদের নাম প্রকাশ হবে না বলে অর্থমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে তাঁরা বলেন, ‘যারা আমাদের টাকা নিয়ে গেল, তাদের নাম প্রকাশ করতে অসুবিধা কোথায়? আর যদি তিনি তা না পারেন, তাহলে পদত্যাগ করতে হবে।’বৈঠকে সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ বলেন, ২৯ ডিসেম্বরের নির্বাচনের সময় দলের যে জনপ্রিয়তা ছিল, এখন আর তা নেই। মন্ত্রী-সাংসদদের আত্মীয়করণে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রকৃত চিত্র প্রধানমন্ত্রীকে জানানো হচ্ছে না। তাঁর এ বক্তব্যের বিরোধিতা করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক বলেন, সম্প্রতি কক্সবাজারে প্রধানমন্ত্রীর যে জনসভা হয়েছে, তাতে বিপুল লোকসমাগমই প্রমাণ করে জনপ্রিয়তা কমেনি। প্রতিমন্ত্রীর এ বক্তব্যের প্রতিবাদ করে মামুনুর রশীদ বলেন, জনসমাগম দেখে জনপ্রিয়তা যাচাই হবে না। পৌরসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকান।নেতাদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে কমিটি: সায়েদাবাদ রেলওয়ের জায়গা দখল করে মার্কেট নির্মাণ, বিভিন্ন স্থানে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ যুবলীগের নেতাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য শহীদ সেরনিয়াবাত, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী এবং কে এম নজিবুল্লাহ হিরু। আগামী ১৫ দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।উল্লেখ্য, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি মহীউদ্দীন মহীর নেতৃত্বে সায়েদাবাদে রেলওয়ের জায়গা দখল করে মার্কেট নির্মাণের সংবাদ প্রথম আলোয় প্রকাশিত হয়েছে।ওমর ফারুক চৌধুরী সভাপতিত্বে আরও বক্তব্য দেন মির্জা আজম, হারুন অর রশীদ, শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন প্রমুখ।