দুই মন্ত্রীকে সরাতে আফগান পার্লামেন্টে ভোটাভুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে তাঁদের পদ থেকে সরাতে দেশটির পার্লামেন্টে আজ শনিবার ভোট নেওয়া হয়েছে। সীমান্তের ওপার থেকে দেশটির অভ্যন্তরে লাগাতার বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় পার্লামেন্টের কিছু সদস্য তাঁদের পদত্যাগ দাবি করে আসছিলেন। দুই মন্ত্রীই আস্থাভোটে হেরে গেছেন বলে রয়টার্সের এক খবরে জানানো হয়। আফগানিস্তানের পার্লামেন্টের সদস্যরা দেশটিতে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছেন। তবে দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ন্যাটোর নেতৃত্বে যেসব উদ্যোগ নেওয়া হয়েছিল, তা এই দুজন শক্তিশালী মন্ত্রীকে অপসারণের পর ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।সম্প্রতি পাকিস্তান থেকে আফগানিস্তানের ভেতরে বোমা হামলায় বেশ কিছু সাধারণ নাগরিক ও রাজনীতিবিদ প্রাণ হারান। এরই পরিপ্রেক্ষিতে পার্লামেন্টের ভোটে প্রতিরক্ষামন্ত্রী আবদুল রহিম ওয়ার্দাক ও স্বরাষ্ট্রমন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদিকে তাঁদের পদ থেকে সরানোর প্রস্তাব পাস হলো।পার্লামেন্টের এই ভোটকে দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই কতটা গুরুত্বের সঙ্গে নেবেন তা এখনো পরিষ্কার নয়। ২০১৪ সালে আফগানিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা এবং সে বছরই ন্যাটো বাহিনীর দেশটি ছেড়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। হয়তো এ কারণে হামিদ কারজাই ভিন্ন কোনো পদক্ষেপ নিতে পারেন।আজ প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, রোববার প্রেসিডেন্ট এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। গত কয়েক বছরে হামিদ কারজাইয়ের জনপ্রিয়তায় ধস নেমেছে। দুর্নীতি দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতা সামনের নির্বাচনে তাঁকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আজ শনিবার অর্থমন্ত্রী হজরত ওমর জাখিলওয়ালের বিরুদ্ধে এক দুর্নীতির মামলার তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন দেশটির দুর্নীতি দমন কমিশনের প্রধান। আফগানিস্তানের টেলিভিশনে প্রচারিত এক সংবাদে বলা হয়, ওমর কমপক্ষে ১০ লাখ ডলার বিদেশের বিভিন্ন ব্যাংকে পাচার করেছেন।