দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক ব্যর্থ, কঠোর কর্মসূচি শ্রমিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লাখনির চলমান সংকট নিরসনে গতকাল বৃহস্পতিবার শ্রমিকনেতাদের সঙ্গে দুই প্রতিমন্ত্রী ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক ভেস্তে গেছে। শ্রমিকদের বেতন বাড়ানোর ব্যাপারে দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় এ বৈঠক ব্যর্থ হয়। এতে খনির শ্রমিকেরা তাঁদের দাবি আদায়ে সড়ক ও রেলপথ অবরোধ করার নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন। গতকাল বেলা পৌনে তিনটার দিকে বড়পুকুরিয়া কয়লাখনিতে আসেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. এনামুল হক, ভূমি প্রতিমন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান, জ্বালানিসচিব মেজবাহ উদ্দিন আহম্মেদ, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর, পরিচালক অপারেশন অ্যান্ড মাইনস মোল্লা মবিরুল হক, দিনাজপুরের জেলা প্রশাসক মো. আবদুল জলিল, ভারপ্রাপ্ত পুলিশ সুপার হাসান মো. শওকত আলী। বিকেল সাড়ে তিনটার দিকে খনির আবাসিক এলাকার অতিথিশালা ‘পরিবর্তন’-এ চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়ামের কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা দুই ঘণ্টা বৈঠক করেন। সিএমসির মিশন-প্রধান লু উই-জুং এক্সএমসির মহাব্যবস্থাপক ইউ-বাউ হুয়াং, উপমহাব্যবস্থাপক সা-মিং হুইয়ের নেতৃত্বে আট সদস্যের চীনা প্রতিনিধিদল বৈঠকে যোগ দেয়।কয়লাখনির একটি সূত্র জানায়, বৈঠকে চীনা কর্তৃপক্ষ তাদের নিয়োগ করা এক হাজার ৩৮ জন শ্রমিকের বেতন-ভাতা বাড়ানোর ব্যাপারে সম্মত হয়।সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আন্দোলনরত শ্রমিকদের সংগঠনের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক নুর ইসলামের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে দুই প্রতিমন্ত্রী, সচিব ও কর্মকর্তারা বৈঠকে বসেন।বৈঠক শেষে রবিউল ইসলাম বলেন, শ্রমিকদের দাবি নিকটবর্তী মধ্যপাড়া কঠিন শিলাখনিতে কর্মরত শ্রমিকদের সমপরিমাণ বেতন-ভাতা তাঁদের দিতে হবে। কিন্তু কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন বর্তমান বেতনের ২০ শতাংশ বাড়াতে চায়। এতে রাজি হননি শ্রমিকেরা। দাবি আদায়ে এখন নতুন কর্মসূচি দিয়েছেন তাঁরা। এখন থেকে শ্রমিকেরা সড়ক ও রেলপথে অবস্থান নিয়ে যানবাহন ও রেল চলাচল বন্ধ করে দেবেন।বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (খনি) মীর আবদুল মতিন বলেন, বৈঠকে দুই পক্ষে সমঝোতা হয়নি। তিনি বলেন, বৈঠকে শ্রমিকদের বেতন বর্তমান বেতনের ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। বর্ধিত ২০ শতাংশের মধ্যে ১৫ শতাংশ চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ও ৫ শতাংশ পেট্রোবাংলা দিতে রাজি হয়। এ ছাড়া পেট্রোবাংলার পক্ষ থেকে প্রত্যেক শ্রমিককে প্রতি মাসে রেশন হিসেবে ৩০ কেজি করে চাল দেওয়ার প্রস্তাব করা হয়। বলা হয়, ২০১১ সালে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে পেট্রোবাংলার চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ওই প্রতিষ্ঠান শ্রমিকদের দক্ষ করে তুলবে। চীনা প্রতিষ্ঠান চলে যাওয়ার পর শ্রমিকদের বেতন-ভাতা মধ্যপাড়া কঠিন শিলাখনির শ্রমিকদের চেয়ে বেশি হবে। কিন্তু কোনো প্রস্তাবই মেনে নেননি শ্রমিকনেতারা। তিনি বলেন, শ্রমিকেরা বেশি চাপ সৃষ্টি করলে চীনা প্রতিষ্ঠান খনি ছেড়ে চলে যেতে পারে। তখন খনি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।তিন দিন ধরে বড়পুকুরিয়া কয়লাখনি অচল রয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে কয়লা উত্পাদন বন্ধ আছে। খনি থেকে কয়লা উত্তোলনকাজে নিয়োজিত চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে নিয়োগ হওয়া শ্রমিকেরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গত সোমবার রাত ১২টা থেকে আন্দোলনে নেমেছেন। গত মঙ্গলবার থেকে শ্রমিকেরা পুরো কয়লাখনি এলাকা অবরোধ করে রেখেছেন। গতকাল ধর্মঘটি শ্রমিকদের লাঠি নিয়ে খনির ফটকসহ খনি এলাকায় মিছিল ও সভা করতে দেখা যায়।