মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের ইতিহাসে নারীর অবদান কতটুকু উঠে এসেছে? নতুন করে কাজ করার উদ্যোগ কে নেবে? এই সব বিষয়ে এবং আইন ও সালিশ কেন্দ্র থেকে প্রকাশিত ‘নারীর ৭১’ বিষয়ে একটি বই নিয়ে কথা বললেন হামিদা হোসেন
দুই মলাটে ‘নারীর ৭১’
দোরঘণ্টি বাজাতেই হামিদা হোসেন নিজেই দরজা খুলে দিলেন। মুখে হাসি। ৯ ডিসেম্বর পড়ন্ত বিকেলে আমরা তাঁর মুখোমুখি হয়েছি একটি বইয়ের বিষয়ে কিছু জানব বলে। নারীর ৭১ ও যুদ্ধপরবর্তী কথ্যকাহিনী নামের এই বইতে রয়েছে ২২ জন নারীর কথা। ২০০১ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছিল বইটি। তারই ইংরেজি তরজমা বেরিয়েছে (রাইজিং ফ্রম দ্য অ্যাসেজ: উইমেন্স ন্যারেটিভস অব ১৯৭১), এবার হে ফেস্টিভ্যালের সময়।যুদ্ধ শব্দটি উচ্চারণ করলেই আমাদের মনে সবার আগে ভেসে ওঠে সমরক্ষেত্রের কথা; বৃষ্টির মতো গোলাবর্ষণ, আকাশে ভেসে বেড়ানো বিমান থেকে বোমা নিক্ষেপ—এ ধরনের কিছু ছবি। কিন্তু যুদ্ধটা তো কেবল দু্ই শত্রুপক্ষের মুখোমুখি অবস্থানেই শেষ হয়ে যায় না। যুদ্ধ যে হাজার রকম ঘটনা দিয়ে বিনি সুতোর মালা, সে খবর কজন রাখে? তেমনি একটি অতিগুরুত্বপূর্ণ যুদ্ধ হচ্ছে যুদ্ধকালীন নারীর যুদ্ধ। প্রসঙ্গটি অবহেলার শিকার। দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির কথা আমরা প্রায়ই বলে থাকি, কিন্তু সেই যুদ্ধটার কথা বলি না। বেঁচে থাকার সংগ্রামে বিষয়টি যে একটি কালো মেঘ হয়েই থেকে যায়, যার রেশ থাকে বছরের পর বছর, সেটাও নিত্যদিনের দিনযাপনে ভুলে থাকি আমরা। শুধু কি সম্ভ্রমহানির ঘটনা? যুদ্ধের সময়ও নারীকেই তো বহন করতে হয় সংসারের ভার, পালন করতে হয় মুক্তিযোদ্ধাদের দেখভাল করার দায়িত্ব। উদ্বাস্তু শিবিরেও কোলের শিশুসন্তানকে বাঁচানোর সংগ্রামে নারীই তো পালন করেন অগ্রবর্তী ভূমিকা। নারীর সেই ভূমিকারই কিছু কিছু উঠে এসেছে আইন ও সালিশ কেন্দ্র থেকে প্রকাশিত বইটিতে। তাই আমাদের আলোচনার সূত্রপাত হয় বইটি প্রকাশ করার ভাবনা কীভাবে এল, তা নিয়েই।একটু ভেবে নিয়ে আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন হামিদা হোসেন বললেন, ‘কাজটা শুরু করলাম নব্বইয়ের দশকে। ঘাতকদের বিচারের ব্যাপারে আন্দোলনটা শুরু হয়েছে অনেক আগেই। প্রজন্ম ’৭১সহ অনেক সংগঠনই তখন ঘাতকদের বিচারের দাবি তুলছিল। আমরা সবাই আন্দোলনের সঙ্গে ছিলাম। আমরা ভেবেছিলাম, এরপর একটি গণতান্ত্রিক সরকার আসবে, তারা বিচারের ব্যবস্থা করবে। সেই বিচারকে কীভাবে আরও সাহায্য করা যায়, সেটা ভেবেই উদ্যোগটা নেওয়া হয়েছিল। আমি ছাড়াও সম্পাদকমণ্ডলীতে ছিলেন শাহীন আখতার, সুরাইয়া বেগম, সুলতানা কামাল আর মেঘনা গুহঠাকুরতা। আমরা ভেবেছিলাম, ধর্ষণ ও সহিংসতা কীভাবে যুদ্ধের সময় একটা কৌশলে পরিণত হয়, সেসব জানতে। কাজটা করতে গিয়ে দেখা গেল, এর পরিধি আরও অনেক বড়।’১৯৯৩ সালে জাতিসংঘের আয়োজনে মানবাধিকারের ওপর একটি সম্মেলন হয়েছিল। তখন যুগোস্লাভিয়ার সমস্যা নিয়ে আলোচনা হয়েছিল। বসনিয়া-হার্জেগোভিনা থেকেও নারীরা এসেছিলেন সেই সম্মেলনে। এরপর সম্মেলন হলো বেইজিংয়ে। এই দুই সম্মেলনে আলোচনার বিষয়বস্তুর একটি ছিল যুদ্ধাপরাধ। যৌন-সন্ত্রাসের বিচার। আধুনিক যুদ্ধগুলোতে যৌন-সন্ত্রাসের ঘটনা অনেক বেশি। জাতিসংঘ বসনিয়া ও রুয়ান্ডার জন্য দুটি পৃথক ট্রাইব্যুনাল গঠন করল, নারীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়ার একটি উদাহরণ সৃষ্টি হলো। হামিদা হোসেনরা এই সম্মেলন দুটি থেকে উদ্বুদ্ধ হলেন। তাঁর ভাষায়, ‘মুক্তিযুদ্ধের পর আমাদের দেশের নির্যাতিত নারীদের বীরাঙ্গনা বলা হলো। সরকারি-বেসরকারিভাবে নারীদের স্বাবলম্বী করার চেষ্টা করা হলো। কিন্তু আসল দরকার ছিল, সেই নারীদের কথা যেন বের হয়ে আসে, সে ব্যবস্থা করা। নির্যাতিত নারীরাও নীরব থাকলেন। এ সমাজে প্রচলিত ধারণাটি হলো, নারীদের ইজ্জত গেছে। সেটারই বিরোধিতা করছিলাম আমরা। বলছিলাম, ইটস অ্যান অনার। ওঁর ইজ্জত যাচ্ছে না, ওঁর ওপর একটা অপরাধ হচ্ছে।’তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল। কাজ শুরু হয়েছিল ১৯৯২-৯৩ সালের দিকে। কাজ শেষ করতে কয়েক বছর লেগেছে। কারণ, সরাসরি তো কেউ এ ধরনের ঘটনার বর্ণনা দেন না। গবেষকদের পরিচিত যাঁরা ছিলেন, তাঁদের মাধ্যমেই শুরু হলো তথ্য সংগ্রহের কাজ। ‘আমাদের উদ্দেশ্য ছিল, যুদ্ধের সময় করা অপরাধগুলো বের করে আনা। কারা করেছে, কীভাবে করেছে, মেয়েদের পরিস্থিতি কী হলো, এসব নিয়ে যখন আমরা কথা বলতে শুরু করি, তখন দেখি তাঁরা শুধু একাত্তর নিয়ে কথা বলছেন না। এর বাইরেও অনেক কথা বলছেন। যেমন একটা মেয়ের কথা বলি। একাত্তরে তাঁর স্বামীকে হত্যা করা হয়েছিল। সে সময় এলাকার কয়েকজন মানুষ মেয়েটিকে সাহায্য করেছে। কিন্তু স্বাধীনতার পর তারাই তাঁর জমি নিয়ে গেছে। তাই আমাদের তথ্য সংগ্রহের কাজটা শুধু একাত্তরেই সীমাবদ্ধ থাকল না, আরও ছড়িয়ে গেল। আরেকটা ঘটনা বলি, চাকমা মেয়ের কথা। আমেনা মোহসীন সাক্ষাৎকার নিয়েছেন। স্বামীকে মেরে ফেলেছে। প্রথমে তিনি কিছু বলতে চাননি। পরে তিনি খুলে বলেছেন নিজের সংগ্রামের কথা। এই কাহিনি প্রকাশিত হওয়ার পর তিনি কিছু স্বীকৃতি পেয়েছেন। প্রশাসন কিছু দিয়েছে। পেনশনও পেয়েছেন। ফলে কিছুটা উপকার হয়েছে। আমরা মেয়েদের কাছে যেতে পেরেছি।’ বললেন হামিদা হোসেন।ব্যক্তিগত পরিচয়ের বাইরে গিয়ে কীভাবে এই নারীদের সন্ধান পাওয়া গেল, তা নিয়ে হামিদা বললেন, ‘সার্বিয়া, বসনিয়ার কথা আমাদের জানা হলো। আমরা ভাবলাম, ওরা তো বলছে। বাংলাদেশের মেয়েরা কেন বলবে না? এ নিয়ে সুজান ব্রাউনমিলার লিখেছিলেন। খুব বেশি নয়। আমরা ১৯৭২ সালের পত্রপত্রিকা থেকে কিছু তথ্য পেয়েছি। মুক্তিযুদ্ধের দলিলে কিছু তথ্য পেলাম। কুষ্টিয়ার তিনজন মেয়ে এসেছিলেন গণ-আদালতে। তাঁরা তো কথা বলতে পারেননি। পত্রিকায় প্রচারিত হয়েছে। তাঁরা ফিরে যাওয়ার পর তাঁদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। তাঁদের সাক্ষাৎকার নিয়েছিলেন সুরাইয়া বেগম। তিনি তাঁদের প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। শেখ হাসিনার গতবারের সরকার তাঁদের সম্মাননা দিয়েছে।’মুক্তিযুদ্ধে নারীর অর্জন নিয়ে কি কিছু কথা বলবেন? মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা নিয়ে...‘হ্যাঁ, সেটা উঠে এলে তো খুব ভালো হতো। জোহরা তাজউদ্দীনের কথা বলি। তাজউদ্দীন ভাই চলে গেলেন সীমান্তের ওপারে। জোহরা তাজউদ্দীন একা কী করে সেনাবাহিনীর মুখোমুখি হলেন, কীভাবে সীমান্ত পার হলেন, সেসব ঘটনা তো মুক্তিযুদ্ধের অর্জনই। নূরজাহান মুরশিদও বোধহয় পরিবার ছাড়াই প্রথম সীমান্ত পার হলেন। যুদ্ধ আসলে সেখানেই শেষ হয় না। যুদ্ধ শেষে নারীরা যখন ফিরে এসেছেন, ভেবেছেন, কী করা যায়। সরকারের দিক থেকে চেষ্টা হয়েছে, নারীদের একটু প্রশিক্ষণ দিয়ে কীভাবে কাজের সঙ্গে যুক্ত করা যায়, ধানমন্ডিতে ছিল সেই প্রশিক্ষণকেন্দ্র। দু-একজনের কথা বলতে পারি। একজন কলেজ টিচার ছিলেন। স্বামী মারা গেছেন যুদ্ধে। কুষ্টিয়া থেকে ঢাকায় এসে তিনি বঙ্গবন্ধুর কাছে গেছেন, বলেছেন, “চাকরি দিন।” মহিলাবিষয়ক মন্ত্রণালয়ে তাঁর চাকরি হয়েছে। এই যে একা একা তিনি সংগ্রাম করছেন, সেখানেও দেখা যাচ্ছে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে কতভাবে হেনস্তা হতে হচ্ছে তাঁকে। আমরা তো আসলে মধ্যবিত্ত শ্রেণীটাকেই বেশি চিনি। নিম্নবিত্ত নারীদের সংগ্রামটা আরও কঠিন। মিসেস আমীর-উল ইসলামের সঙ্গে একবার কুষ্টিয়ার সীমান্ত এলাকায় গিয়েছিলাম। সেখানে এমন অনেক বিধবা নারীর দেখা পেলাম, যাঁদের দেখার কেউ নেই। কয়েক বছর পর গিয়ে দেখি, তাঁরা সমবায় সমিতি করেছেন। বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এগুলোই তো অর্জন।’মুক্তিযুদ্ধের দলিলপত্রে নারীদের সংগ্রাম নিয়ে একটি খণ্ড কি থাকা উচিত নয়?হামিদা হোসেন বললেন, ‘দুটো প্রতিষ্ঠান আসলে এখন এ দায়িত্ব নিতে পারে। একটি হচ্ছে বাংলা একাডেমী, অন্যটা মুক্তিযুদ্ধ জাদুঘর। বাংলা একাডেমী তো প্রতিবছরই কিছু বই বের করে। এখনো নারীদের নিয়ে কাজটা তারা করতে পারে।’বইটি নিয়ে অনেক স্মৃতি হামিদা হোসেনের। তিনি বিশ্বাস করেন, সবাই মিলে মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা নানা দিক থেকে দেখলে একটা পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে। আমরাও সেই আশায় থাকি—হোক না দেরি, তবু কাজটা তো হতে হবে!