দুই মহানগরে বিএনপির কমিটি নেই, আছে কোন্দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত মহানগরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক ইউনিট ঢাকা মহানগরে বিএনপির কমিটি নেই তিন বছর ধরে। কমিটি নেই রংপুর মহানগরেও। বাকি পাঁচ বিভাগীয় শহরের কমিটির মধ্যে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল মহানগর কমিটি হয়েছে আংশিক। অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই তিন মহানগরে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি দলটি। একমাত্র রাজশাহী ও খুলনা মহানগরে পূর্ণাঙ্গ আছে। এর মধ্যে রাজশাহীতে অভ্যন্তরীণ কোন্দল সেখানে দলটির সাংগঠনিক কার্যক্রমে বড় বাধা।বিএনপির বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত স্থায়ী কমিটির সদস্য, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের অনেকের সঙ্গে কথা বলে দলটির মহানগর পর্যায়ে সাংগঠনিক অবস্থার এমন চিত্র পাওয়া গেছে।গত সংসদ নির্বাচনে দলটির ভরাডুবির পর ২০০৯ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অন্যান্য সব কমিটির মতো সাত মহানগরের কমিটিও বিলুপ্ত করেন। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী মহানগর কমিটির মেয়াদ হবে দুই বছর। কমিটির মোট সদস্যসংখ্যা হবে ১৭১।বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা প্রথম আলোকে বলেন, সব মহানগরে দলটির একাধিক করে প্রভাবশালী নেতা রয়েছেন। তাঁরা সবাই স্থানীয় রাজনীতি নিজের নিয়ন্ত্রণে রাখতে চান। অনেক ক্ষেত্রে তাঁরা কেন্দ্রঘোষিত দলীয় কর্মসূচিও পৃথক পৃথকভাবে পালন করেন। রংপুর ও খুলনা ছাড়া বাকি সব মহানগরেই একই অবস্থা।জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, মহানগর কমিটিগুলোতে সমস্যা নেই, তা বলা যাবে না। তবে এটা কমছে। দলের সবাই চেষ্টা করছেন। দলীয় চেয়ারপারসনও বিভিন্ন সময়ে সমস্যা নিরসনে সরাসরি ভূমিকা রাখছেন। তিনি স্বীকার করেছেন যে প্রতিটি বিভাগের রাজনীতির জন্য মহানগর কমিটি গুরুত্বপূর্ণ। মহানগর কমিটি সুসংগঠিত না হলে এর প্রভাব অন্যান্য জেলা কমিটিতেও পড়ে। বিশেষ করে, ঢাকা মহানগর কমিটি না থাকায় বিএনপির রাজনীতিতে কিছুটা হলেও বিরূপ প্রভাব পড়ছে।ঢাকায় আহ্বায়ক কমিটির প্রস্তুতি: বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একটি সূত্র জানায়, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার ব্যাপারে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের (সদ্য প্রয়াত) প্রবল আপত্তি থাকার কারণে গত তিন বছরে একাধিকবার উদ্যোগ নিয়েও ঢাকা মহানগরে কমিটি গঠন সম্ভব হয়নি।জানা গেছে, সাদেক হোসেনকে আহ্বায়ক ও ওয়ার্ড কমিশনার আবদুল কাইয়ুমকে যুগ্ম আহ্বায়ক করে ৫১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তাব প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খালেদা জিয়া অনড় থাকায় সাদেক হোসেনকে আহ্বায়ক করা নিয়ে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়ের বিরোধিতা এখন আর হালে পানি পাচ্ছে না।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, শিগগিরই ঢাকা মহানগরের আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এ ব্যাপারে সবকিছু প্রায় চূড়ান্ত। এ নিয়ে আর সময়ক্ষেপণের মতো অবস্থা বিএনপির নেই।সাদেক হোসেন প্রথম আলোকে বলেন, দল থেকে যাঁকে দায়িত্ব দেওয়া হবে, তিনিই দায়িত্ব পালন করবেন। তবে মহানগর কমিটি হওয়া দরকার। নয়তো দলীয় কর্মসূচি পালন ক্ষতিগ্রস্ত হবে।চট্টগ্রামে বিভক্তি কাটছে না: বিএনপির চট্টগ্রাম মহানগর কমিটির কোন্দল দীর্ঘদিনের। এখানে দলটির প্রভাবশালী নেতার সংখ্যাও বেশি। নানা হাঙ্গামার পর বছর খানেক আগে চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি ও শাহাদাত হোসেনকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর কমিটি গঠিত হয়। তবে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি। অনেক পদ খালি রয়েছে।দলীয় সূত্রগুলো জানায়, চট্টগ্রাম মহানগরে তিন প্রভাবশালী নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল্লাহ আল নোমান ও মীর মোহাম্মদ নাছিরউদ্দিনের নেতৃত্বে বিএনপির তিনটি পক্ষ বা ধারা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মেয়র নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করে আনার সাফল্যকে পুঁজি করে কেন্দ্রে আমীর খসরুর অবস্থান শক্ত হয়েছে। ফলে প্রভাবশালী অপর দুই নেতার অনুসারীরা আমীর খসরুর বিরোধিতায় এককাট্টা। চট্টগ্রাম মহানগরে বিএনপি কার্যত এখন দুই ভাগে বিভক্ত। দলীয় বিভিন্ন কর্মসূচি তারা পৃথকভাবে পালন করে।জানা গেছে, সম্প্রতি মহানগর কমিটির বাকি পদগুলোতে নিজ নিজ অনুসারীদের নাম দিয়ে নোমান ও মীর নাছিরের পক্ষ থেকে পৃথক কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়েছে। আবার আমীর খসরুও পৃথক একটি কমিটি কেন্দ্রে জমা দিয়েছেন।অবশ্য মীর নাছির ও নোমান সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আমীর খসরু ও শাহাদাত হোসেনকে মেনে নিয়েছেন।আমীর খসরু মাহমুদ প্রথম আলোকে বলেন, রাজনৈতিক দলের মধ্যে পক্ষ-বিপক্ষ থাকতে পারে। তবে বিএনপির কর্মকাণ্ড পরিচালনায় সবাই দলীয় চেয়ারপারসনের নির্দেশ মেনে চলেন। চট্টগ্রাম মহানগর বিএনপিও এখন অনেক শক্তিশালী ও সংগঠিত বলে তিনি দাবি করেন।রাজশাহীতে মিনু-নাদিম দ্বন্দ্ব: রাজশাহী মহানগরে বিএনপির রাজনীতির নেতৃত্বে আছেন মিজানুর রহমান মিনু। তিনি একই সঙ্গে মহানগর কমিটির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব।কিন্তু চট্টগ্রামের মতো না হলেও রাজশাহীতে বিএনপির দুটি ধারা রয়েছে। মিনুর বিপরীতে অপর ধারার নেতৃত্বে আছেন দলটির আরেক প্রভাবশালী নেতা নাদিম মোস্তফা। তিনি একই সঙ্গে রাজশাহী জেলা কমিটির সভাপতি।মিনুর অনুসারীদের অভিযোগ, নাদিম মোস্তফা মহানগর বিএনপিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।আবার নাদিম মোস্তফার অনুসারীদের পাল্টা অভিযোগ, মিনু জেলা বিএনপিতে অযাচিত হস্তক্ষেপের চেষ্টা করেন, এ নিয়ে দলটিতে বিরোধের সৃষ্টি হচ্ছে। এ ছাড়া মিনুর বিরুদ্ধে স্থায়ীয় জামায়াতকে বেশি সুযোগ দেওয়ার অভিযোগ রয়েছে। বিশেষ করে, বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকাগুলোতে জামায়াতকে বেশি প্রাধান্য দেওয়াটা বিএনপির স্থানীয় নেতারা ভালোভাবে নেননি।মিনুর অনুসারী মহানগর বিএনপির এক নেতা বলেন, মিনু ও নাদিম মোস্তফার মধ্যে দ্বন্দ্ব নতুন নয়। দুজনই চান মহানগরের ও জেলার রাজনীতি নিজের নিয়ন্ত্রণে নিতে।জানতে চাইলে নাদিম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘রাজশাহীকে বিএনপির রাজনীতিকে শক্তিশালী করতে হলে মিনু ভাইকে দলীয় সিদ্ধান্ত কার্যকর করতে হবে। একনায়কতন্ত্র কায়েম না করে বিএনপির রাজনীতিকে বিকশিত করতে হবে। নিজের নামে স্লোগান না দিয়ে চেয়ারপারসন ও তারেক রহমানের নামে স্লোগান দিতে হবে।’ তাঁর মতে, রাজশাহী মহানগরে বিএনপিকে গতিশীল করতে বর্তমান কমিটির ব্যক্তিবিশেষকে পরিবর্তন করে ভালো নেতৃত্ব আনতে হবে।সিলেটে বিরোধ আবার বাড়ছে: দলীয় সূত্রগুলো জানায়, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুর পর সিলেট মহানগর বিএনপিতে ইলিয়াস আলীর নিয়ন্ত্রণ অনেক বেড়েছে। তিনি একই সঙ্গে সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একসময়ের কাছের লোক হিসেবে ইলিয়াস আলীর পরিচিতি রয়েছে। এ ছাড়া তিনি আরেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীরও আস্থাভাজন। ইলিয়াস আলীর অনুসারী এম এ হক এখন সিলেট মহানগর কমিটির সভাপতি।অবশ্য ইলিয়াস আলী প্রথম আলোকে বলেন, ‘আমি জেলা সভাপতি। মহানগরের দায়িত্ব নগর নেতারা পালন করছেন। যোগ্য ব্যক্তিরাই সেখানে পদ পেয়েছেন।’এদিকে মাঝে কিছুদিন নিষ্ক্রিয় থেকে মরহুম সাইফুর রহমানের অনুসারীরা আবার সক্রিয় হয়ে উঠেছেন। বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক যুক্তরাজ্যপ্রবাসী কমরুদ্দিনের সমর্থন এখন এই অংশটির মূল শক্তি। লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত কমরুদ্দিন শক্তির উৎস বলে জানা গেছে। সিলেটে বিএনপির এই অংশের নেতৃত্বে আছেন শাহরিয়ার হোসেন। তাঁর সঙ্গে আছেন জোট সরকার আমলে সিলেটের দাপুটে নেতা আরিফুল হক। এই পক্ষটি দলীয় কর্মসূচি আলাদাভাবেই পালন করে।বরিশালে দ্বন্দ্ব-সংঘাত: মহানগরগুলোর মধ্যে বিএনপির রাজনীতিতে সবচেয়ে বেশি দ্বন্দ্ব বরিশালে। বরিশাল মহানগর কমিটির সভাপতি করা হয়েছে মজিবর রহমান সরোয়ারকে। তিনি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকও। সরোয়ারবিরোধীদের নেতৃত্বে আছেন স্থানীয়ভাবে আরেক প্রভাবশালী নেতা আহসান হাবিব কামাল। এখানে থানা ও ওয়ার্ড শাখায় বিএনপির পাল্টাপাল্টি কমিটি রয়েছে।এই দুই নেতার অনুসারীদের মধ্যে বিভিন্ন সময়ে সংঘর্ষও হয়েছে। সর্বশেষ গত ১৮ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পৃথকভাবে পালন করা নিয়েও সেখানে সংঘর্ষ হয়।মজিবর রহমান সরোয়ার প্রথম আলোকে বলেন, ‘আহসান হাবিব কেন্দ্রীয় নেতা। বরিশাল মহানগরে আমাকে সভাপতি করা হয়েছে। যাঁর যাঁর দায়িত্ব তাঁকে পালন করতে হবে।’ তিনি জানান, কোন্দল মিটিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ চলছে।খুলনায় স্থিতিশীল: খুলনায় বিএনপির রাজনীতিতে এখন একচ্ছত্র নিয়ন্ত্রণ নজরুল ইসলাম মঞ্জুর হাতে। দল ক্ষমতায় থাকার সময়ে হাওয়া ভবনের ঘনিষ্ঠ বলে বহুল পরিচিত আলী আসগার লবীর কারণে খুবই বেকায়দায় ছিলেন মঞ্জু। কিন্তু মাঠপর্যায়ে সাংগঠনিক দক্ষতার কারণে তখন তাঁকে একেবারে বাদ দেওয়া যায়নি। গত নির্বাচনে তিনি সাংসদ নির্বাচিত হয়ে আবার দলকে সংগঠিত করেন। এ মহানগরে পূর্ণাঙ্গ কমিটি আছে। ১৭১ সদস্যের প্রায় পুরো কমিটি তাঁর সমর্থনে আছে। আলী আসগার এখন রাজনীতিতে প্রায় নিষ্ক্রিয়।নজরুল ইসলাম বলেন, খুলনায় বিএনপির মূল দলে তেমন কোনো সমস্যা নেই। অঙ্গ-সহযোগী সংগঠনের মধ্যে কিছু সমস্যা আছে। তা দূর করতে কমিটি করা হয়েছে।রংপুর: রংপুর মহানগর কমিটি গঠন নিয়ে এখন পর্যন্ত বিএনপিতে কোনো আলোচনা নেই। তবে রংপুর জেলা কমিটি নিয়ে নেতাদের অন্তর্দ্বন্দ্ব থামাতে দলটিকে হিমশিম খেতে হচ্ছে। দুই দফা চেষ্টা করেও জেলা কমিটি গঠন করা যায়নি। বর্তমানে মোজাফফর হোসেনকে আহ্বায়ক ও মমতাজ শিরিনকে যুগ্ম আহ্বায়ক করে সেখানে একটি আহ্বায়ক কমিটি রয়েছে।