দুই মহাসড়কে দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আমাদের দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত বুধবার গভীর রাত থেকে চলা যানজট আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্তও অব্যাহত আছে। কুমিল্লার গৌড়িপুর থেকে দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু এলাকা পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় যানজট চলছে। এতে আটকা পড়ে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে।কুমিল্লা হাইওয়ে পুলিশের (পূর্বাঞ্চল) সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার বলেন, ‘জীবনেও এত গাড়ি দেখিনি। গাড়ি চলছে, কিন্তু চাপ কমছে না। ঈদে ঘরমুখো গাড়ির চাপে এবং ঢাকা-সিলেট সড়কের যানবাহন এ মহাসড়ক ব্যবহার করায় যানজট বাড়ছে।’ পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাইওয়ে ও থানা-পুলিশ একজোটে চেষ্টা করছে।আমাদের মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর থেকে টাঙ্গাইল পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় আজ শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে এ যানজট শুরু হয়েছে বলে পুলিশ জানায়।মির্জাপুর থানা-পুলিশ জানায়, যানবাহনের চালকেরা নিয়ম না মেনে ওভারটেক করায় এ যানজট সৃষ্টি হয়েছে। তবে প্রাইভেটকারের চালকেরা বেশি নিয়ম ভঙ্গ করছে। এতে কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছে।মির্জাপুরে রিয়া আক্তার নামের এক যাত্রীর সঙ্গে কথা হয়। তিনি জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে সিএনজিতে ছয় দিনের শিশুকে নিয়ে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল থেকে ২০ কিলোমিটার দূরে দেলদোয়ারে উদ্দেশে রওনা হন। কিন্তু দুই ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা মাত্র এক কিলোমিটার রাস্তা অতিক্রম করেছেন। মির্জাপুর থানার পরিদর্শক আবু ওবায়দা বলেন, ‘যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে।’