দুই মামলায় বিএনপির ছয় নেতার জামিন আবেদন
ঢাকার পল্টন থানায় করা দুটি মামলায় বিএনপির ছয়জন নেতা হাইকোর্টে জামিনের আবেদন করেছেন। তাঁদের মধ্যে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের আবেদনের ওপর আজ সোমবার শুনানি হয়েছে। আজ বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আবেদনের ওপর শুনানি গ্রহণ করেন। অন্য আবেদনকারীরা হলেন: যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, শফিউল আলম প্রধান ও যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। জয়নুল আবদীনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।শুনানির শেষ পর্যায়ে আদালত উভয় পক্ষের সম্মতিতে সব আবেদনের শুনানি শেষে আদেশ দেওয়ার কথা জানান। একই সঙ্গে কাল মঙ্গলবার বেলা দুইটায় শুনানির সময় নির্ধারণ করেন।গত ১১ মার্চ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর পুলিশ বিএনপির কার্যালয়ে হানা দেয়। কয়েক ঘণ্টা ধরে পুলিশ ওই ভবনের বিভিন্ন তলায় অভিযান চালিয়ে ও মহাসচিবের কক্ষের দরজা ভেঙে মির্জা ফখরুলসহ কার্যালয়ে থাকা নেতা-কর্মীদের আটক করে।পরদিন পুলিশ বাদী হয়ে পল্টন থানায় দুটি মামলা করে। দুই মামলার এজাহারেই ক্রমানুসারে ওপরের ছয়জনসহ ১৫৪ জনকে আসামি করা হয়। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।পল্টন থানায় দ্রুতবিচার আইনে করা মামলায় (নম্বর ২০) আসামিদের বিরুদ্ধে ভাঙচুর, রাস্তায় অগ্নিসংযোগসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। অন্য মামলাটি (নম্বর ২১) করা হয় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে। এ মামলায় বেআইনি সমাবেশে যোগদান, অপরাধে সহায়তা, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা, সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টা, পুলিশের ওপর হামলা, ক্ষতিসাধনসহ দণ্ডবিধির ১২টি ধারায় অভিযোগ আনা হয়েছে।