দুই মামলায় মীর্জা আব্বাস ৮ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাসকে পল্টন ও মতিঝিল থানার দায়ের করা পৃথক দুটি মামলায় আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মহানগর হাকিম মোস্তাফা শাহরিয়ার খান আজ সোমবার এ রিমান্ড মঞ্জুর করেন। গত ২৭ জুন পুলিশের কর্তব্য কাজে বাধা ও ককটেল নিক্ষেপের অভিযোগে দুই থানায় দায়ের করা দুটি মামলায় মীর্জা আব্বাসকে সাত দিন করে ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। কিন্তু মীর্জা আব্বাস ওই সময় চিকিৎসাধীন ছিলেন।আজ বারডেম হাসপাতাল থেকে তাঁকে হুইল চেয়ারে করে আদালতের হাজতখানায় আনা হয়। কিন্তু বিচার ভবনের চতুর্থ তলায় থাকায় তাঁকে বিচারকের সামনে হাজির করা হয়নি।আসামি পক্ষের আইনজীবীরা এ সময় আদালতকে বলেন, মীর্জা আব্বাসকে হুইল চেয়ারে করে আনা হয়েছে, তাই তাঁকে হাকিমের সামনে আনা সম্ভব হয়নি। তবে আইন অনুয়ায়ী আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির বিধান রয়েছে। তিনি আদালতে হাজির আছেন, এ মর্মে আমরা শুনানি করতে চাই। আর এতে রাষ্ট্রপক্ষের আপত্তি না থাকায় মীর্জা আব্বাস আদালতে হাজির আছেন ধরে নিয়ে আদালত রিমান্ড শুনানি করেন।আদালতে আসামির পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া। কিন্তু আদালত তা নাকচ করে তাঁর রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে অংশ নেন মাসুদ আহমেদ তালুকদার, মহসিন মিয়া, খোরশেদ আলম প্রমুখ। রাষ্ট্রপক্ষে শাহ আলম তালুকদার, মকবুল হোসেন প্রমুখ।