দুই মামলায় আটক ১৬ জন ৫ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি হল থেকে আটক হওয়া ১৬ ছাত্রকে পৃথক দুটি মামলায় প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার বিকেলে আটক ১৬ ছাত্রকে বিচারিক হাকিমের আদালতে হাজির করে পৃথক দুটি মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। বিচারিক হাকিম শাহরিয়ার আরাফাত এ আবেদনের পরিপ্রেক্ষিতে এক মামলায় তিন দিন এবং অন্য মামলায় দুই দিন করে মোট পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল-বিরুনী হলে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্ঝর আলমের পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষে ৩৫ জন আহত হওয়ার ঘটনায় রাতেই দুই পক্ষ আশুলিয়া থানায় মামলা করেছে। এ মামলার ভিত্তিতে পুলিশ গতকাল রাত একটা থেকে দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, আ ফ ম কামালউদ্দিন হল, শহীদ সালাম বরকত হল ও আল-বিরুনী হলে তল্লাশি চালায়। এ সময় ১৬ জনকে আটক করা হয়।সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন জানান, দুটি মামলায় গত রাতে চারটি হলে তল্লাশি চালিয়ে ১৬ জনকে আটক করা হয়েছে।গতকালের এ সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৭ জন ছাত্রকে বহিষ্কার করেছে। এ ছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত এবং কাজী মারুফ সজীব, বিজয় কুমার দাশ, পারভেজ, দেবব্রত প্রিয়, আরিফুল হক আরিফ, খায়রুল বাশার, শুভাশীষ কুণ্ডু, মহিউদ্দিন আহমেদ, উজ্জ্বল কুমার দাশ, চয়ন, সকাল, স্বাধীন ও পলাশ নামের ১৩ নেতা-কর্মীকে বহিষ্কার করে।গতকাল সকাল নয়টার দিকে আল-বিরুনী হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলামের পক্ষের কর্মী সজীব এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্ঝর আলমের পক্ষের কর্মী এমিলির মধ্যে কথাকাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ১৬ রাউন্ড গুলিবিনিময় এবং দুজন ছাত্র গুলিবিদ্ধ হন। আহত হন উভয় পক্ষের কমপক্ষে ৩৫ জন।গত বছর ফেব্রুয়ারি মাসে ছাত্রলীগের দুই পক্ষের সংষর্ষের কারণে ১৪ মাস কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছিল। পরে ওই কমিটি বাতিল করে গত ১৯ মে সভাপতি রাশেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্ঝর আলমের নেতৃত্বে নতুন কমিটি করা হয়।