দুই মামলায় শামীম ওসমানের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক সাংসদ শামীম ওসমানের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিচারাধীন আপিলে তাঁর জামিন মঞ্জুর করেন।আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী গোলাম কিবরিয়া। এর ফলে শামীম ওসমানের কারামুক্তিতে কোনো আইনগত বাধা নেই বলেও তিনি জানান। জানা যায়, ২০০৭ সালের ৪ এপ্রিল দুদক শামীম ওসমানের বিরুদ্ধে একটি মামলা করে। ওই মামলায় ওই বছরের ৩০ এপ্রিল তাঁর তিন বছরের সাজা হয়। একই বছরের ৮ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড নারায়ণগঞ্জের আদালতে শামীম ওসমানের বিরুদ্ধে মামলা করে। ওই বছরের ১২ সেপ্টেম্বর বিচারিক আদালতের রায়ে তাঁর আট বছরের কারাদণ্ড হয়।পরে দণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করলে দণ্ডের কার্যকারিতা স্থগিত হয়। তবে তা না চালানোয় এ বছরের ২৬ জানুয়ারি সেই স্থগিতাদেশ অকার্যকর হয়।এর পরিপ্রেক্ষিতে তিনি ৬ ফেব্রুয়ারি নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। ওই দিনই তিনি ওই দুই মামলার সাজার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। আপিলে তিনি জামিনের আবেদন জানান। আদালত আজ ওই জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ রায় দেন।